ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাউন্সিলকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সর্বসম্মতিক্রমে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে।
সভা শেষে বুধবার রাত পৌনে ১০টার দিকে এক ব্রিফিংয়ে সৈয়দ আশরাফ সাংবাদিকদের এ কথা জানান। (বিস্তারিত)
তিনি বলেন,"কার্যনির্বাহী সংসদের সভায় সাধারণ সম্পাদক আব্দুল জলিলের পদত্যাগপত্র সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছে। সেইসঙ্গে সর্বসম্মতিক্রমে আমাকে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।"
মঙ্গলবার দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন আব্দুল জলিল।
সভায় দলের খসড়া গঠনতন্ত্র, ঘোষণাপত্র, কাউন্সিলের জন্য লেখা সভানেত্রীর বক্তব্য এবং কর্মসূচি অনুমোদন করা হয় বলে জানান আশরাফ।
বুধবার সন্ধ্যা ৬টার কিছুক্ষণ পর এ সভা শুরু হয়। ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ সভা বসে। এতে সভাপতিত্ব করেন দলের সভানেত্রী শেখ হাসিনা।
দলের জাতীয় কাউন্সিল নিয়ে সভায় আলোচনা হয়।
আওয়ামী লীগ মুখপাত্র বলেন, "কাউন্সিলে বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি মহাসচিবসহ বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে এবং হচ্ছে। তবে যুদ্ধাপরাধের সঙ্গে সংশ্লিষ্ট দল ও নেতাদের দাওয়াত দেওয়া হবে না।"
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় সভায় বাংলাদেশ ক্রিকেটদলকে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় বলে জানান দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ।
তিনি জানান, কার্যনির্বাহী সংসদের সভা বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় একই স্থানে মুলতবি সভা অনুষ্ঠিত হবে।
আগামী ২৪ জুলাই আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল হবে। গত ১৩ জুলাই দলের সভাপতিমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সেদিন আওয়ামী লীগ মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম জানান, "বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে (বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে) অনুষ্ঠেয় কাউন্সিলে দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র সংশোধনের অনুমোদন দেওয়া হবে এবং ২৫ জুলাই চূড়ান্ত গঠনতন্ত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।"
কাউন্সিলের মধ্য দিয়ে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, ২৫ জুলাইয়ের মধ্যে (নবম সংসদের প্রথম অধিবেশন বসার ছয় মাসের মধ্যে) রাজনৈতিক দলগুলোকে তাদের স্থায়ী গঠনতন্ত্র দলীয় কাউন্সিলে অনুমোদন করে নির্বাচন কমিশনে জমা দেওয়ার কথা।
সে লক্ষ্যেই আওয়ামী লীগ তড়িঘড়ি করে কাউন্সিল করতে যাচ্ছে।
তবে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নির্বাচন কমিশন গঠনতন্ত্র জমা দেওয়ার সময়সীমা আগামী বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর জন্য সরকারের কাছে সুপারিশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/এইচএ/২১৫৭ঘ.
bdnews24