ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের কাউন্সিলকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা বসছে বুধবার সন্ধ্যায়।
আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ৬টায় ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা।
তিনি জানান, দলের জাতীয় কাউন্সিলের বিষয়ে আলোচনা হবে এ সভায়।
আগামী ২৪ জুলাই আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল হবে। গত ১৩ জুলাই দলের সভাপতিমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সেদিন আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম জানান, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার) অনুষ্ঠেয় কাউন্সিলে দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র সংশোধনের অনুমোদন দেওয়া হবে এবং ২৫ জুলাই চূড়ান্ত গঠনতন্ত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।"
কাউন্সিলের মধ্য দিয়ে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। কাউন্সিলের তিন দিন আগেই মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, ২৫ জুলাইয়ের মধ্যে (নবম সংসদের প্রথম অধিবেশন বসার ছয় মাসের মধ্যে) রাজনৈতিক দলগুলোকে তাদের স্থায়ী গঠনতন্ত্র দলীয় কাউন্সিলে অনুমোদন করে নির্বাচন কমিশনে জমা দেওয়ার কথা।
সে লক্ষ্যেই আওয়ামী লীগ তড়িঘড়ি করে কাউন্সিল করছে।
তবে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নির্বাচন কমিশন গঠনতন্ত্র জমা দেওয়ার সময় আগামী বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর জন্য সরকারের কাছে সুপারিশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১৬২৫ ঘ.
bdnews24