ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আগামী ২৪ জুলাই তাদের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে।
সোমবার রাতে ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।
আওয়ামী লীগের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র উপ-কমিটি এবং সভাপতিমণ্ডলীর পৃথক দুই সভার পর দলের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম একথা জানান।
প্রেস ব্রিফিংয়ে সৈয়দ আশরাফ বলেন, "প্রথমে গঠনতন্ত্র ও ঘোষণাপত্র উপ-কমিটির এবং পরে সভাপতিমণ্ডলীর সভায় দলের কাউন্সিল নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত হয় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হবে ২৪ জুলাই।"
প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা উভয় সভায় সভাপতিত্ব করেন।
আশরাফ জানান, ২৪ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মেলন শুরু হবে। তবে সেখানে জায়গা না পাওয়া গেলে অন্য কোথাও সম্মেলন হবে।
তিনি বলেন, "সম্মেলনে দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র সংশোধনের অনুমোদন দেওয়া হবে এবং ২৫ জুলাই চূড়ান্ত গঠনতন্ত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।"
নির্বাচনী আইন (গণপ্রতিনিধিত্ব আদেশ) অনুযায়ী ২৫ জুলাইয়ের মধ্যে (নবম সংসদের প্রথম অধিবেশন বসার ছয় মাসের মধ্যে) রাজনৈতিক দলগুলোকে তাদের স্থায়ী গঠনতন্ত্র দলীয় কাউন্সিলে অনুমোদন করে নির্বাচন কমিশনে জমা দিতে হবে।
বিকেল সাড়ে পাঁচটায় প্রথমে গঠনতন্ত্র ও ঘোষণাপত্র উপ-কমিটির সভা শুরু হয়। পরে শুরু হওয়া সভাপতিমণ্ডলীর সভা শেষ হয় রাত পৌনে আটটায়।
সাংবাদিকরা দৃশ্যত 'তড়িঘড়ি' করে সম্মেলন অনুষ্ঠানের কারণ জানতে চাইলে আওয়ামী লীগের মুখপাত্র বলেন, "আমরা গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে নির্বাচন করি এবং সংসদে তা আইনে উন্নীত করি। এজন্য আমরা সেটা মানতে চাই।"
তিনি বলেন, "অন্য কোনও দল সম্মেলনের সময় বাড়ানোর আবেদন করলে এবং সে অনুযায়ী নির্বাচন কমিশন সময় বাড়ালে আমাদের কোনও আপত্তি থাকবে না। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আমরা মেনে নেব। সময় বাড়ানো হলেও আমরা ২৪ জুলাই সম্মেলন করব। না বাড়ালেও এ সময়েই করব।"
সম্মেলনের সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়ে আওয়ামী লীগের মুখপাত্র বলেন, "সম্মেলনে গঠনতন্ত্র ও ঘোষণাপত্র সংশোধনের পাশাপাশি কমিটি গঠনসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলো করার পথ খোলা রাখা হয়েছে।"
আশরাফ জানান, কমিটির জন্য প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান (চট্টগ্রাম) এবং রহমত আলীকে দিয়ে আংশিক নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। পরে তা পূর্ণাঙ্গ করা হবে।
তিনি জানান, ২০ জুলাইয়ের মধ্যে সারাদেশের জেলা কমিটির কাছে কাউন্সিলরদের নাম পাঠানোর সিদ্ধান্ত হয়েছে এবং ২২ জুলাই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। এ সভায় সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন পাবে যা ২৪ জুলাইয়ের সম্মেলনে চূড়ান্ত করা হবে।
এর আগে জরুরি অবস্থা চলার সময় আওয়ামী লীগ একটি খসড়া গঠনতন্ত্র নির্বাচন কমিশনের কাছে জমা দেয়।
গঠনতন্ত্র ও ঘোষণাপত্র উপ-কমিটির সোমবারের সভায় নির্বাচন কমিশনে জমা দেওয়া সংশোধিত গঠনতন্ত্রের প্রস্তাব অনুমোদন পায় বলেও জানান বলে সৈয়দ আশরাফ।
তিনি আরও জানান, দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এর সদস্য থাকবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সব সদস্য। তবে দলীয় প্রধানের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী প্রস্তুতি কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার বিকেলে সম্মেলন প্রস্তুতি কমিটির একটি সভা অনুষ্ঠিত হবে।
জাঁকজমকপূর্ণভাবে সম্মেলন করার ঘোষণা দিয়ে সৈয়দ আশরাফ বলেন, "সম্মেলনে যুগান্তকারী সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে।"
এর আগে গত ১০ জুলাই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভার পর জানানো হয়, নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া ২৫ জুলাইয়ের সময়সীমার আগে কাউন্সিল করার 'সর্বাত্মক প্রস্তুতি' অব্যাহত রেখেছে আওয়ামী লীগ।
তবে তার এক সপ্তাহ আগেই (৪ জুলাই) সভাপতিমণ্ডলীর সভায় গঠনতন্ত্র জমা দেওয়ার সময় ছয়মাস বাড়ানোর আবেদনের সিদ্ধান্ত নিয়েছিল দলটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএম/এজে/এসকে/২১৫৭ঘ.
bdnews24