চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জঙ্গি সংগঠন ইসলাম ও মুসলিম-এর প্রধান আব্দুর রহিম ওরফে শাহাদাত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা।
কয়েক বছর জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশে (জেএমবি) তিনি সংগঠক হিসেবে কাজ করতেন।
গত ৩০ জুন গাজীপুর থেকে শাহাদাতকে গ্রেপ্তার করে পুলিশ।
তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নিমতলা কাঁঠাল গ্রামে।
শাহাদাতের ভাই নিয়ামত আলী জানান, গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর দাখিল মাদ্রাসায় পড়া শেষ করে এলাকার সোলেমান মিয়া ডিগ্রি কলেজে ভর্তি হন শাহাদাত।
এ সময় তিনি ইসলামী ছাত্র শিবির গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি ছিলেন বলে উল্লেখ করে তিনি বলেন, লেখাপড়া শেষ করে বাড়ির কাছের নিমতলা কাঁঠাল দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসায় দেড় বছর কেরানি হিসেবে চাকরি করেন।
নিয়ামত আলী জানান, মাদ্রাসার চাকরি ছেড়ে কাজের সন্ধানে রাজশাহীর বাগমারা যান এক সময়। সেখানে দেখা হয় জেএমবি নেতা বাংলা ভাইয়ের সঙ্গে।
২০০৪ সালে বাংলাভাই রাজশাহীর বাগমারাকে জেএমবি'র সাংগঠনিক জেলা ঘোষণার পর শাহাদাতকে সাংগঠনিক দায়িত্ব ও পরে তাকে বৃহত্তর রাজশাহী অঞ্চলের দায়িত্বও দেওয়া হয় বলে তিনি জানান।
নিয়ামত জানান, ২০০৪ সালের শেষ দিকে শাহাদাত সন্দেহভাজন জঙ্গি হিসেবে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে প্রায় ৩ মাস হাজতে থাকেন।
সারাদেশে সিরিজ বোমা বিস্ফোরণের পর জেএমবির প্রধান শায়খ আব্দুর রহমান ও বাংলাভাই গ্রেপ্তার হলে শাহাদাত নিরুদ্দেশ হন বলে জানিয়ে তিনি জানান, তিন বছর পর গত ৬ মাস আগে তিনি একবার বাড়িতে আসেন। এরপর আরও ২/৩ বার আসেন।
নিয়ামত বলেন, "ছাত্র শিবির করার সময় শাহাদাত প্রায়ই বলত- ইসলামের জন্য আরও ভাল কিছু করা দরকার। কিন্ত ভাল কিছু করার নামে জঙ্গি সংগঠনে যুক্ত হবে এটি আমরা ভাবিনি।"
স
bdnews24