বাগেরহাট, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদাবাজির মামলায় বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও যুবদলের সভাপতি ফকির তারিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার বিকেলে বাগেরহাটের মুখ্য বিচার বিভাগীয় হাকিম গাজী আব্দুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তারিকুল। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
এ মামলায় তারিকুলের ভাই ফকির আলমগীর হোসেন খোকন, শহীদুল ইসলাম শহীদ, সাফিউল ইসলাম সাফি, তৌহিদুল ইসলাম, হাসিবুর রহমান ও নাহিদুল ইসলামকে জামিন দিয়েছে আদালত।
তারিকুলের আইনজীবী শামছুল হক বলেন, গত ২৮ জুন বাগেরহাটের খানজাহান (র:) মাজারের অন্যতম খাদেম জয়নাল ফকির বাগেরহাট সদর থানায় তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটি করেন।
জয়নাল ফকির অভিযোগ করেন, বিগত চারদলীয় জোট সরকারের সময়ে ২০০২ সালে তারিকুল ও তার ছয় ভাই ক্ষমতার অপব্যবহার করে এবং ভয় দেখিয়ে তার কাছ থেকে ৮০ হাজার টাকা চাঁদা নেন। চলতি বছর ২৮ জুন তারা আবারও তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা চান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০১ ঘ.
bdnews24