ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগে গণতন্ত্র আছে এবং নেতাকর্মীরা গণতন্ত্র ভোগ করে থাকে বলে মনে করেন দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
মঙ্গলবার সন্ধ্যায় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে সরাসরি প্রচারিত 'পয়েন্ট অব অর্ডার' টক শোতে সম্প্রতি সংসদে দেওয়া তার বক্তব্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সাধারণ সম্পাদক হয়ে সংসদে নিজ দলের বিরুদ্ধে কথা বলায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে কিনা- এ প্রশ্নের জবাবে জলিল বলেন, "এতে ভাবমূর্তি কি ক্ষুন্ন হলো, আওয়ামী লীগে যে গণতন্ত্র আছে এটাই প্রমাণ হয়েছে, নেতাকর্মীরা যে গণতন্ত্র ভোগ করে সেটাই প্রমাণ হয়েছে।"
গত ২৫ জুন সংসদ অধিবেশনে বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে আব্দুল জলিল প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে বক্তব্য দেন।
তিনি বলেছিলেন, "প্রধানমন্ত্রী উপদেষ্টা নিয়োগ করতে পারেন ঠিকই, তবে তারা মন্ত্রিপরিষদের বৈঠকে অংশ নিতে পারেন না। মন্ত্রীরা গোপনীয়তা রক্ষার শপথ করেছেন, তারা এমন কোনো শপথ করেননি।"
জলিল উপদেষ্টাদের মন্ত্রিপরিষদের বৈঠকে অংশগ্রহণকে 'অসাংবিধানিক' বলেও অভিহিত করেন।
আওয়ামী লীগের কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক আরো বলেন, "যে দল সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে সেই দলে এখন দেখা দিয়েছে স্থবিরতা। দলকে গতিশীল করা উচিত।"
অনুষ্ঠানে আরেক প্রশ্নের জবাবে তত্ত্বাবধায়ক সরকারের কর্মকান্ডের তদন্ত দাবি করে আব্দুল জলিল বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের সময় যদি কোন অগণতান্ত্রিক কাজ হয়ে থাকে সেটা তদন্ত করে দেখা উচিত। তদন্ত করে যদি দোষ পাওয়া যায়, তবে বিচার হওয়া উচিত।"
গণতন্ত্রের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন বলেও মনে করেন প্রবীণ এ নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/২০০০ ঘ.
bdnews24