ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে সচিবসহ বেশ কয়েকটি পদে রদবদল হয়েছে।
মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এ পরিবর্তন করা হয়।
ভূমি সচিব দেলোয়ার হোসেনকে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বস্ত্র ও পাট সচিব এ বি এম আবদুল হক চৌধুরীকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।
ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান আশরাফুল মকবুলকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
যুব ও ক্রীড়া সচিব এহসানুল ফাত্তাহকে ভূমি মন্ত্রণালয়ের সচিব এবং সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব আহমেদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরীকে একই মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
এ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব সমর চন্দ্র পালকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল মজুমদারকে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/এমআই/১৮০৫ ঘ.
bdnews24