ঢাকা, ২৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ভিন্নমত প্রকাশ করে বলেছেন, 'ডে লাইট সেভিং টাইম' চালু করার পর লোড শেডিং আরও বেড়েছে।
জ্বালানি প্রতিমন্ত্রী শনিবার সংসদে বলেন, ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে নেওয়ায় ২০০ মেগাওয়াট বিদ্যুতের সাশ্রয় হয়েছে।
রোববার আমু সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় বলেন, "জ্বালানি মন্ত্রী ঘড়ির কাঁটা একঘন্টা এগিয়ে নিয়েছেন। এ উদ্যোগ লোডশেডিং কমানোর বদলে তা বাড়িয়ে দিয়েছে।"
তিনি মন্ত্রীকে এ বিষয়ে নজর দেওয়ার অনুরোধ করেন।
এছাড়া আমু ভারতের সঙ্গে পানি সমস্যার সমাধানে যথেষ্ট উদ্যোগ না নেওয়ার অভিযোগ করে বিএনপির তীব্র সমালোচনা করেন।
সভাপতিমণ্ডলীর আরেক সদস্য জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকার দেশের স্বার্থের বিষয়ে কারো সঙ্গে আপোস করবে না।
তিনি বলেন, "বাংলাদেশের স্বার্থবিরোধী হলে টিপাইমুখ বাঁধ তৈরি করা যাবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এসকে/২৩৫৫ঘ.
bdnews24