ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পিকার আবদুল হামিদ বলেছেন, গোপনীয়তাই সরকারি পর্যায়ে দুর্নীতির মূল কারণ।
দেশে দীর্ঘকাল ধরে একটা গোপনীয়তা চর্চার অভ্যাস সরকারি দপ্তরে চালু রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
হোটেল শেরাটনে শনিবার আয়োজিত সংসদ সদস্যদের জন্য তথ্য অধিকার বিষয়ক এক ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য তথ্য অধিকার আইনের যথার্থ বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত দেন।
সর্বদলীয় সংসদীয় গ্র"প (এপিপিজি) ও পিপলস এমপাওয়ারমেন্ট ট্রাস্ট (পিইটি) এই কর্মসূচির আয়োজন করে।
ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার আবদুল হামিদ। বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, চিফ হুইপ মো. আবদুস শহীদ, বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক প্রমুখ।
এতে ৩০ জনেরও বেশি সাংসদ অংশ নেন।
স্পিকার বলেন, তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার সঙ্গে সঙ্গে এটিও দেখতে হবে যে তা যেন বিকৃত না হয়। তথ্যপ্রাপ্তির অপব্যবহারে সামাজিক ও রাজনৈতিক সমস্যার সৃষ্টি হতে পারে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের নির্বাচন কমিশনের পাঠানো সালাহউদ্দিন কাদের চৌধুরীর সদস্য পদ খারিজের চিঠি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে স্পিকার বলেন, "ইসি চিঠি পাঠিয়েছে। বাজেট অধিবেশন শেষ হলে এ বিষয়ে মতামত দেব।"
একই সঙ্গে তিনি বলেন, "স্পিকার হিসাবে এটি আমার ব্যক্তিগত ইচ্ছা। যখন খুশি তখন মতামত দেব।"
নবম সংসদের প্রথম অধিবেশনে গত ২৯ মার্চ তথ্য অধিকার আইন-২০০৯ পাস হয়। ১ জুলাই থেকে আইনটি কার্যকর হওয়ার কথা।
আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত তার বক্তব্যে তথ্য কমিশনকে অবসরপ্রাপ্ত বিচারপতি ও সরকারি কর্মকর্তাদের ক্লাবে পরিণত না করার আহ্বান জানান।
তিনি বলেন, তথ্য কমিশনকে 'আমলাতন্ত্রের বর্ধিতাংশে' পরিণত না করবেন না।
"সাধারণ জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় দক্ষ, নিরপেক্ষ ও উপযুক্ত ব্যক্তিদের নিয়ে তথ্য কমিশন গঠন করা হবে বলে আমি আশা করছি," বলেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, আগামী তিন/চারদিনের মধ্যে তথ্য কমিশন গঠিত হচ্ছে। এজন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমতাসীন ও রিরোধী দলের পক্ষ থেকে তথ্য কমিশনারদের নাম পাঠানো হয়েছে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুরঞ্জিত বলেন, "সাংসদদের জনগণ ভোট দিয়েছে সংসদে কার্যকর ভূমিকা রাখার জন্য। কিন্তু বিরোধী দল সংসদে এসে যথাযথ দায়িত্ব পালন না করলে তা হবে সংবিধান লঙ্ঘনের শামিল।"
দ্বিতীয় অধিবেশনের শেষদিনে হলেও বিএনপি সংসদে যোগ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধী দলের প্রতি সংসদে ফেরারও আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের বক্তব্য সম্পর্কে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "একে ইতিবাচকভাবে নেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিআর/১৯৩০ ঘ.
bdnews24