ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে গোলাম রহমান বুধবার বলেছেন, প্রতিষ্ঠানটি প্রমাণ করবে কেউই আইনের ঊর্ধ্বে নয়।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের প্রতি নিজের সমর্থনের কথাও জানান নতুন চেয়ারম্যান। (আরো তথ্যসহ)
'কেউই আইনের উর্ধ্বে নয়'- এ কথা প্রমাণের প্রত্যয় ব্যক্ত করলেও দেশের দুই শীর্ষ রাজনৈতিক নেতার বিরুদ্ধে দুদকের আনা অভিযোগের ভবিষ্যতের বিষয়ে তিনি শুধু বলেন, "জনতার আদালতে তাদের বিচার হয়ে গেছে।"
দুর্নীতি দমনে 'আপোসহীন' থাকার কথা জানানোর পাশাপাশি গোলাম রহমান বলেন, দুদক কারও দুর্ভোগের কারণ হবে না।
গত ৩০ এপ্রিল নিয়োগ দেওয়া হলেও আনুষ্ঠানিকভাবে বুধবারই কাজে যোগ দেন এ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতি বিরোধী অভিযানের নামে বাড়াবাড়ি হয়েছে কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে গোলাম রহমান বলেন, "অনেকেই তা মনে করেন। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত, নানা পেশার কিছু মানুষ মনে করত তারা আইনের ঊর্র্ধ্বে, কিন্তু দুদক বুঝিয়ে দিয়েছে আসলে তা নয়। এখনও কেউ কেউ মনে করছে তারা আইনের ঊর্র্ধ্বে। আমরা প্রমাণ করব কেউই আইনের ঊর্ধ্বে নয়।"
ওই সময় একটি 'ঝাঁকুনি দরকার ছিল' মন্তব্য করে তিনি বলেন, "দুর্নীতির সঙ্গে কোনও আপস করা হবে না। সব চাপের ঊর্ধ্বে থেকে আমি কাজ করব। অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনও কাজ করব না। তবে দুদক কারও দুর্ভোগের কারণ হবে না।"
তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনা ও খালেদা জিয়ার বিরুদ্ধে দুদক যে সব অভিযোগ করেছিল সে বিষয়ে কী হবে- জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, "জনতার আদালতে তাদের বিচার হয়ে গেছে।"
দুর্নীতিবিরোধী অভিযানের নামে হয়রানি হয়েছে বলে বেশ কয়েকজন রাজনীতিবিদের অভিযোগের বিষয়ে গোলাম রহমান বলেন, "তারা যে অন্যায়ের শিকার হয়েছেন, তা প্রমাণ করতে হবে। আর দুদক যে অভিযোগ তাদের বিরুদ্ধে এনেছে তা সঠিক কি না, আদালতে তা প্রমাণ হবে।"
রাজনৈতিক হয়রানিমূলক মামলার নামে দুদকের করা মামলাগুলো প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, "এক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কারও প্রতি অন্যায় হলে সেটাও বিবেচনা করা হবে।"
মামলা প্রত্যাহারের যেসব সুপারিশ করা হয়েছে সবই সরকারি দলের পক্ষ থেকে। বিরোধী দলের কী হবে- জানতে চাইলে গোলাম রহমান বলেন, "আমার কাছে যেগুলো আসবে সেগুলো সবই বিবেচনা করা হবে।"
তিনি বলেন, "ধর্মীয়, সামাজিক, পারিবারিক বা আদর্শিক সব ধরনের মূল্যবোধের অভাব দুর্নীতির অন্যতম কারণ। এছাড়া দুর্নীতি করে ধরা পড়ার ঝুঁকি কম থাকার পাশাপাশি লাভের পরিমাণ বেশি বলে দেশের প্রায় ৭০ থেকে ৯০ ভাগ লোক দুর্নীতির সঙ্গে জড়িত হয়।
"আমরা চেষ্টা করবো এই ঝুঁকির পরিমাণ বাড়িয়ে দিতে। এমন এক বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার করতে হবে যাতে দিন দিন দুর্নীতির মাত্রা কমে যায়।"
গত ৩০ এপ্রিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান গোলাম রহমানকে আনুষ্ঠানিকভাবে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। ওই সময় তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।
দেশে ফিরে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতির জন্য তিনি রাষ্ট্রপতি জিল
bdnews24