চট্টগ্রাম, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে আলাদাভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের দুটি পক্ষ।
দলের ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং দলের সহ-সভাপতি ও চট্টগ্রাম-৮ (কোতোয়ালী) আসনের সাংসদ নুরুল ইসলাম বিএসসি'র নেতৃত্বে পৃথক কর্মসূচি পালন করা হয়।
নেতৃত্ব নিয়ে এ দুই নেতার দ্বন্দ্ব মহানগর আওয়ামী লীগকে সুষ্পষ্টভাবে দুটি গ্র"পে বিভক্ত করেছে। সকালে নগরীর মুসলিম হলে মেয়রের এবং বিকেলে নুরুল ইসলামের অনুসারী আওয়ামী লীগের নেতাকর্মীরা পৃথক কর্মসূচি পালন করে।
মেয়রের অনুসারীরা মুসলিম হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। এর পর শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, 'সকল ষড়যন্ত্র অতিক্রম করে মহাজোট সরকার দিনবদলের স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে।'
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ আলম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, সহ-সভাপতি অ্যাডভোকেট সুনীল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক এমএ রশিদ, শফিকুল হাসান, সৈয়দ মাহমুদুল হক, শফিকুল ইসলাম ফারুক প্রমুখ।
বিকালে নগরীর জেএম সেন হলে সাংসদ নুরুল ইসলাম বিএসসি'র সমর্থকরা আলোচনা সভার আয়োজন করেন। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈমুদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নুুরুল ইসলাম বিএসসি।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সাংসদ ইসহাক মিয়া, নগর কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, সাবেক প্যানেল মেয়র রেখা আলম চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে তারেক সোলায়মান সেলিম, জালাল উদ্দিন ইকবাল, চৌধুরী হাস মাহমুদ হাসনী, গিয়াস উদ্দিন, জামাল হোসেন, আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে চট্টগ্রাম উত্তর জেলা ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নগরীতে পৃথক কর্মসূচি পালন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২১৫৭ঘ.
bdnews24