ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের আসন এবং খালেদা জিয়ার বাড়ি সংক্রান্ত সমস্যার সমাধান না হলে সংসদে যাবে না বিএনপি।
বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক রোববার এ কথা জানান।
বিএনপি সংসদদের প্রথম সারিতে আরেকটি আসন চেয়ে আসছে। এর পাশপাশি দলীয় প্রধান খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে 'উচ্ছেদ' প্রক্রিয়ার বিরোধিতা করছে তারা। চলতি বাজেট অধিবেশনে বিএনপি যোগ দেয়নি।
জয়নাল আবদিন সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বলেন, "বিরোধী দলের প্রথম সারিতে সম্মানজনক আসন এবং বিরোধীদলীয় নেতার প্রাপ্য সুবিধার বিষয় দুটি স্পিকার সমাধান করলে আমরা সংসদে ফিরব। অন্যথায় নয়।"
তিনি দাবি করেন, বিরোধী দলের সংসদে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করতে সরকারি দল ব্যর্থ হয়েছে।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, "সংসদে বিরোধী দলের সারিতে মন্ত্রীদের আসন দেওয়া একটি নজিরবিহীন ঘটনা। আমরা স্পিকারকে বলেছি, প্রথম সারিতে সম্মানজনক আসন দিতে। আমাদের অনেক প্রবীণ সাংসদ পেছনের সারিতে বসছেন। এ বিষয়ে এখনও স্পিকারের কাছ থেকে কোনও সদুত্তর পাইনি।
"বিরোধীদলীয় নেতার ঢাকা সেনানিবাসের বাসায় সংসদের কার্যসূচি না পৌঁছানো, সংসদ থেকে বরাদ্দ করা গাড়ি, ব্যক্তিগত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের ওই বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার হলেও এর কোনও সমাধান স্পিকার করেননি। এ অবস্থায় আমরা মনে করি, সংসদে যাওয়ার পরিবেশ নেই।"
গুলশানে বিরোধী দলীয় নেত্রীর কার্যালয়ে পুলিশি নিরাপত্তা উঠিয়ে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন জয়নাল আবদিন।
তিনি বলেন, "এসব সমস্যার সমাধান হলেই বিএনপি সংসদে ফিরে যাবে।"
৪ জুন সংসদের বাজেট অধিবেশন শুরু হলেও বিরোধী দল প্রথম সারিতে আসন সংখ্যা বাড়ানো দাবিতে সংসদ অধিবেশনে যোগ দেওয়া থেকে বিরত রয়েছে। বতমানে সংসদের প্রথম সারিতে একটি আসন বাড়িয়ে বিএনপির আসন সংখ্যা পাঁচ-এ দাঁড়িয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮১৭ ঘ.
bdnews24