২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী ও কথামালার ফুলঝুরি : বিএনপি

প্রস্তাবিত বাজেটকে 'উচ্চাভিলাষী ও কথামালার ফুলঝুরি' বলে অভিহিত করেছে বিএনপি। প্রধান বিরোধীদলের মতে এটি বাস্তবায়নযোগ্যও নয়। বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 04:29 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- প্রস্তাবিত বাজেটকে 'উচ্চাভিলাষী ও কথামালার ফুলঝুরি' বলে অভিহিত করেছে বিএনপি। প্রধান বিরোধীদলের মতে এটি বাস্তবায়নযোগ্যও নয়। বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেছেন। খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "এই বাজেট কথামালার ফুলঝুরি। স্বপ্নের অর্থমন্ত্রী সুন্দর সুন্দর রচনায় কথা দিয়ে স্বপ্নের জাল বুনেছেন। এ বাজেট জনকল্যাণে কোনো ভূমিকা রাখতে পারবে না। দেশের মানুষই এই বাজেটকে প্রত্যাখ্যান করবে।" সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক এ বাজেটকে 'উচ্চাভিলাষী' বলে অভিহিত করেন। এর আগে বিকাল তিনটায় গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে বড় স্ক্রিনের টিভিতে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাজেট বক্তৃতা শোনেন। বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ড. ওসমান ফারুক, ড. আবদুল মঈন খান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব উল্লাহ, সাংবাদিক শফিক রেহমান, বিজিএমইএ'র সাবেক সভাপতি এসএম ফজলুল হক, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। খোন্দকার দেলোয়ার অভিযোগ করে বলেন, "সরকার ইচ্ছাকৃত ও উদ্দেশ্যমূলকভাবে বিরোধী দলকে সংসদে না রেখেই বাজেট উত্থাপন করেছে একতরফাভাবে। এটা দুর্ভাগ্যজনক।" বিএনপি মহাসচিব বলেন, "সরকারি দল চায় না বিরোধী দল সংসদে থাকুক। এজন্য তারা আসনের বিষয়ে কোনো সমাধান না করেই আমাদেরকে সংসদের বাইরে থাকতে বাধ্য করেছে।" দেলোয়ার বলেন, "সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে বাজেট কোনোভাবে বাস্তবায়ন করা যায় না। অর্থমন্ত্রী সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে তেমন কিছুই বলেননি। বরং গত পাঁচ মাসে দখলবাজি, চাঁদাবাজি, দলীয়করণ ও সন্ত্রাসের যে চিত্র দেখা গেছে তাতে সাধারণ মানুষ এর থেকে কোনো উপকার পাবে না ও তাদের ভাগ্যের কোনো পরিবর্তন আসবে না।" বাজেটে যেসব বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, দেলোয়ার তাকে 'শুভঙ্করের ফাঁকি' বলে অভিহিত করেন। অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যের আগেই কর আরোপের বিষয়টি উন্মুক্ত করে দেওয়াকে তিনি 'বাজেট ফাঁস' আখ্যা দেন। বিএনপি মহাসচিব মন্তব্য করেন, "এভাবে বাজেট পেশের আগেই বক্তৃতার কপির মাধ্যমে করারোপের গোপনীয় বিষয়টি কত অর্থের বিনিময়ে ফাঁস করা হয়েছে- তা সরকারই বলতে পারে।" বাজেটের আগে আগে করের বিষয় ফাঁসের বিষয় নজিরবিহীন বলেও মন্তব্য করেন তিনি। সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী অভিহিত করে বলেন, "আমার কাছে মনে হয়েছে, তিনি কল্পনায় অনেক স্বপ্ন দেখছেন। ৫ শতাংশের যে প্রবৃদ্ধির আশাবাদ ব্যক্ত করা হয়েছে তার সঙ্গে বাজেটে যেসব খাতে অর্থ বরাদ্দ করা হয়েছে তার সামঞ্জস্য নেই।" আবদুল মইন খান বাজেটকে 'গতানুগতিক' অভিহিত করে বলেন,'' এ বাজেট আমাদেরকে হতাশ করেছে। পুরনো বাজেটকে কাট অ্যান্ড পেস্ট করা হয়েছে বলে আমার মনে হয়েছে।" মঈন খান বলেন , সরকার ডিজিটাল বাংলাদেশের কথা বললেও তথ্যপ্রযুক্তি খাতে বরাদ্দ হয়েছে নগন্য। বিডিনিউজ টোয়েন্টিফোরর ডটকম/এসএম/এমএইচসি/এসকে/২৩০০ঘ.