২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনের বেশ কয়েকটি ঊর্ধ্বতন পদে রদবদল

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমএকে মাহমুদকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2009, 02:37 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমএকে মাহমুদকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এছাড়া প্রশাসনের যুগ্ম-সচিব ও উপ-সচিব পর্যায়ের আরো ১৩ কর্মকর্তার পদে রদবদল এনেছে সরকার। সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বুধবার এসব রদবদল করা হয়। এদের মধ্যে ওএসডি যুগ্ম-সচিব গাজী নূরুল কবীরকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পদায়ন ও প্রেষণে নিয়োগ করা হয়। উপ-সচিবদের মধ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মনীন্দ্র নাথ রায়কে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব জামালউদ্দিন আহমেদকে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিচালক, ডিপিডিসি'র সচিব রফিউল আলমকে স্পারসো'র সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব গোলাম রব্বানীকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সচিব, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) শফিউল আলমকে বগুড়া সেনানিবাসের মিলিটারি সম্পত্তি কর্মকর্তা (এমইও) এবং ওএসডি অবস্থায় বিয়ামে সংযুক্ত উপ-সচিব আব্দুল মালেককে গুচ্ছগ্রাম প্রকল্পের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক প্রকল্প পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে। বিআরটিএ'র উপ-পরিচালক হিসেবে বদলির আদেশাধীন উপ-সচিব এএমএ রহমানকে গুচ্ছগ্রাম প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক, সংস্থাপন মন্ত্রণালয়ের ন্যস্ত উপ-সচিব শামসুন্নাহার বেগমকে বিনিয়োগ বোর্ডের পরিচালক, ক্রীড়া পরিদপ্তরের অধীনে ঢাকা, খুলনা (বাগেরহাট) ও চট্টগ্রামে শারিরীক শিক্ষা কলেজের সুযোগ-সুবিধা অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোশাররফ হোসেনকে বিআরটিএ'র উপ-পরিচালক, সংস্থাপন মন্ত্রণালয়ের ন্যস্ত উপ-সচিব রফিকুল ইসলাম আকন্দকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উপ-পরিচালক (প্রশাসন, অর্থ, শিক্ষা ও প্রশিক্ষণ), ওএসডি অবস্থায় ভূমি মন্ত্রণালয়ে সংযুক্ত উপ-সচিব কাজী সাখাওয়াত হোসেনকে জাতীয় সংসদ সচিবালয়ের উপ-সচিব এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরিচালক এএসএম ফারুক হোসেনকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিটের উপ-পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ের অন্য এক আদেশে বিআরটিসি'র চেয়ারম্যান পদে সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) এমএম ইকবালের ৩১ মার্চের চুক্তিভিত্তিক নিয়োগাদেশের সংশোধনী আনা হয়েছে। সংশোধনী অনুযায়ী এমএম ইকবাল ওই পদে এক বছরের বদলে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োজিত থাকবেন। এ সময় তিনি অতিরিক্ত সচিবের পদমর্যাদা ভোগ করবেন। ৩১ মার্চের ওই নিয়োগাদেশে তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ এক বছর বলে উল্লেখ করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২০৪৪ঘ.