ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ তরুণ-তরুণীদের 'ন্যাশনাল সার্ভিস'-এর আওতায় দুই বছরের জন্য চাকরির ব্যবস্থা করে দিতে আগামী ২০০৯-১০ অর্থবছরের বাজেটে একটি প্রকল্প গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রাথমিক পর্যায়ে নতুন বাজেটে ২/৩টি উপজেলায় 'পাইলট প্রজেক্ট' হিসেবে এই প্রকল্প গ্রহণ করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সারা দেশে এ প্রকল্প হাতে নেয়া হবে বলে জানান তিনি।
ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ৩৪ তম বার্ষিক সভায় যোগদান শেষে দেশে ফিরে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বাজেট বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে অনুষ্ঠিত আইডিবি'র বৈঠকে যোগ দিতে ১ জুন অর্থমন্ত্রী ঢাকা ছাড়েন। ৪ জুন সকালে তিনি দেশে ফেরেন ।
অর্থমন্ত্রী বলেন, "আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ যুব সমাজকে দুই বছরের জন্য 'ন্যাশনাল সার্ভিস'-এ নিযুক্ত করার জন্য একটি প্রকল্প গ্রহণের অঙ্গীকার করেছিলাম। সে প্রতিশ্র"তি বাস্তবায়নের লক্ষ্যে আগামী বাজেটে ২/৩টি উপজেলায় 'পাইলট প্রজেক্ট' হিসেবে এ প্রকল্প গ্রহণ করা হবে।
"এ সব উপজেলায় উচ্চ মাধ্যমিক পাস তরুণ-তরুণীদের ছয় মাস প্রশিক্ষণ দেওয়া হবে। এর পর দেড় বছরের জন্য তাদের সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় চাকরির ব্যবস্থা করা হবে। দুই বছর পর এসব তরুণ-তরুণী সিদ্ধান্ত নেবে তারা চাকরি করবে, নাকি পড়াশুনা করবে।"
এ প্রকল্পে মোট কতো টাকা বরাদ্দ রাখা হবে-এ প্রশ্নের জবাবে মুহিত বলেন, "সেটা এখন বলা যাবে না। ১১ তারিখেই দেখবেন এ প্রকল্পে কতো টাকা বরাদ্দ রাখা হয়েছে।"
এ প্রসঙ্গে তিনি বলেন, "বাজেট চূড়ান্ত করার আগে যে তিন দিন আমি দেশের বাইরে ছিলাম (আইডিবি'র বৈঠকে যোগ দিতে) সে তিন দিন অবসর সময়ে ঠান্ডা মাথায় বাজেট নিয়ে কিছু চিন্তা করেছি। সে চিন্তা থেকেই 'ন্যাশনাল সার্ভিস' প্রকল্প চালুর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। "
৩১ মে (আইডিবি'র বৈঠকে যোগ দিতে যাওয়ার আগের দিন) অর্থমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, আগামী ২০০৯-১০ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের শেষ মুহূর্তের 'ঘষামাজা'র কাজ তিনি দেশের বাইরে থেকেই করবেন।
১১ জুন অর্থমন্ত্রী জাতীয় সংসদে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের প্রথম বাজেট পেশ করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/১৬৫০ ঘ.
bdnews24