ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধান বিরোধী দল বিএনপি সংসদের সামনের সারিতে আর একটি আসন পাবে বলে জানালেন স্পিকার আব্দুল হামিদ। দলটি যা দাবি করছিল এটি তার চেয়ে দু'টি কম।
সংসদের দ্বিতীয় অধিবেশন বৃহস্পতিবার বিকেল তিনটায় শুরু হবে। নতুন বাজেট পেশ হবে বলে এ অধিবেশন প্রথাগতভাবে 'বাজেট অধিবেশন' নামে পরিচিত।
আব্দুল হামিদ বুধবার তার কার্যালয়ে বলেন, "সামনে সারিতে আমি তাদের আর একটির বেশি আসন দিতে পারবো না।"
স্পিকার মঙ্গলবার রাতে চিফ হুইপ আব্দুস শহীদ ও জয়নাল আবদীন ফারুকের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেন। কিন্তু কোন ঐকমত্য ছাড়াই বৈঠক শেষ হয়।
এই একটি আসন বাড়ানোয় সামনে বিএনপির মোট আসন পাঁচে দাঁড়ালো। দলটি সামনের সারিতে সাতটি আসন দাবি করছে।
বিরোধীদলের দিক হিসেবে পরিচিত স্পিকারের চেয়ারের বাঁ দিকে সামনের সারিতে বিরোধীদলের মোট নয়টি আসন রয়েছে।
স্পিকার বলেন, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জিল্লুর রহমানের আসনটি ফাঁকা হয়েছে। তাই তিনি বিএনপিকে আরো একটি আসন দেওয়ার প্রস্তাব দিতে পারেন।
বিএনপির মওদুদ আহমদ ও জমিরউদ্দিন সরকার সামনের সারিতে বসতে পারেন বলে উল্লেখ করে তিনি বলেন, সেক্ষেত্রে মোফাজ্জল হোসেন কায়কোবাদকে পেছনে যেতে হবে।
আব্দুল হামিদ বলেন, "রওশন এরশাদকে সামনের সারিতে আসন দেওয়ার চিন্তাভাবনা করছি বলে জাতীয় পার্টির এইচএম এরশাদ, জিএম কাদের ও মজিবর রহমানের মধ্যে যে কোন একজনকে পেছনে যেতে হবে।"
এদিকে দাবি পূরণ না হওয়ায় প্রধান বিরোধী দল আসন্ন সংসদ অধিবেশনে যোগ দেবে কিনা, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি।
বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক জানান, বিরোধী নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন দলের সংসদীয় দল দু'-একদিনের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সামনের সারিতে বিএনপিকে পাঁচটির বেশি আসন দিতে রাজি হয়নি।
বাজেট অধিবেশনে 'সম্মানজনক' সংখ্যক আসন দেওয়ার ব্যপারে আব্দুল হামিদের প্রতিশ্র"তির পরিপ্রেক্ষিতে বিএনপি ২৩ ফেব্রুয়ারি সংসদে ফিরে আসে।
বিএনপি সংসদ বর্জন শুরু করে ২৮ জানুয়ারি।
জয়নাল আবদীন ফারুক মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্পিকারের প্রস্তাব মোটেও 'সম্মানজনক' নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিআর/এসকে/২২২০ ঘ.
bdnews24