২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ দেখতে কে যাবে সংসদীয় কমিটি নিজেরাই সে সিদ্ধান্ত নেবে

প্রধান বিরোধীদলের পক্ষ থেকে টিপাইমুখ বাঁধ প্রকল্প দেখতে বিশেষজ্ঞ পাঠানোর দাবি উঠলেও বিশেষজ্ঞ দল নাকি সংসদীয় কমিটি সেখানে যাবে সে সিদ্ধান্ত গ্রহণের ভার সরকার খোদ কমিটিকেই দিচ্ছে। রোববার পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2009, 01:56 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রধান বিরোধীদলের পক্ষ থেকে টিপাইমুখ বাঁধ প্রকল্প দেখতে বিশেষজ্ঞ পাঠানোর দাবি উঠলেও বিশেষজ্ঞ দল নাকি সংসদীয় কমিটি সেখানে যাবে সে সিদ্ধান্ত গ্রহণের ভার সরকার খোদ কমিটিকেই দিচ্ছে। রোববার পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান। ভারতে নির্মিতব্য বিতর্কিত এ বাঁধের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বলেছেন সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন করে তাদের প্রতিবেদনের ভিত্তিতেই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে। রোববার রমেশ চন্দ্র সেন সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "এ বিষয়ে খুব শিগগিরই কমিটি গঠন করে বৈঠক ডাকা হবে। সে বৈঠকেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।" টিপাইমুখ বাঁধের ব্যাপারে বিএনপি সরকারের সময়েই প্রস্তাব আসার কথা উল্লেখ করে রমেশ চন্দ্র সেন বলেন, "সে সময়ে তারা (বিএনপি সরকার) কি করেছে তা নিয়ে আমরা কথা বলতে চাই না। তবে এটুকু বলতে পারি এ সরকার স্বাধীনতার সপক্ষের সরকার। এ সরকারের সময় দেশের স্বার্থবিরোধী কিছু করতে দেওয়া হবে না। ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, উত্তর-পূর্ব ভারতের মনিপুর রাজ্যের টিপাইমুখে বরাক নদীতে ১৬২ দশমিক ৫ মিটার উঁচু ও ৩৯০ মিটার দীর্ঘ এ বাঁধ নির্মাণ করা হবে। এ থেকে প্রায় ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে ভারতের। এতে সেখানে প্রায় ২৭৫ দশমিক ৫০ বর্গকিলোমিটার এলাকা স্থায়ীভাবে প্লাবিত হবে বলে ধারণা করা হচ্ছে। উত্তর-পূর্ব ভারতের মণিপুর পর্বতমালায় জন্ম নেওয়া বরাক নদী সুরমা-মেঘনা নদী ব্যবস্থার অংশ। এটি মনিপুর, মিজোরাম ও আসাম রাজ্য হয়ে সুরমা ও কুশিয়ারা নামে বিভক্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশের পরিবেশবাদী ও বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের অনেকে ভারতের এ বাঁধ প্রকল্পের সমালোচনা করে তা বন্ধের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছেন। গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর সঙ্গে দেখা করার সময় জানান, একটি সর্বদলীয় সংসদীয় দল প্রকল্প দেখে এসে তাদের মত দেওয়ার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধান বিরোধী দল বিএনপি এর প্রতিক্রিয়ায় বলেছে, সংসদীয় নয়, এ কাজটির জন্য পাঠানো উচিত দুদেশের যৌথ বিশেষজ্ঞ দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসকে/২০০২ঘ.