ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিডিআর বিদ্রোহের বিচার কোন আইনে হবে তা নির্ভর করছে সিআইডি তদন্তের ওপর।
বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, "বিডিআর বিদ্রোহের বিচারের বিষয়টি সিআইডি'র তদন্তের ওপর নির্ভর করছে।"
বিডিআর বিদ্রোহের ঘটনায় সব অপরাধীর সেনা আইনে অবিলম্বে বিচার কাজ সম্পন্ন করার সুপারিশ করে সরকার গঠিত তদন্ত কমিটি বুধবার রিপোর্ট জমা দেয়।
শফিক আহমেদ বলেন,''এটা কমিটির (সরকার গঠিত তদন্ত কমিটি) একটি সুপারিশ মাত্র। কারা হত্যাযজ্ঞ চালিয়েছে, কারা জড়িত-এ বিষয়ে সুনির্দিষ্টভাবে তদন্ত করেনি সরকারের তদন্ত কমিটি। তারা কেবল কারণ নির্ণয় করতে কাজ করেছেন। তবে বিচারের বিষয়টি সিআইডি'র তদন্তের ওপর নির্ভর করছে।''
আইনমন্ত্রী বলেন, সিআইডি'র তদন্তের ভিত্তিতে দোষীদের চিহ্নিত করে বিচার করা হবে। সেনা আইনে না প্রচলিত আইনে বিচার হবে এই প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন,''এ বিষয়ে এখনই বলার সময় আসেনি। সিআইডি'র তদন্ত শেষ হোক।''
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে তদন্ত কমিটির প্রতিবেদনের 'সারসংক্ষেপ' প্রকাশ করেন কমিটির চেয়ারম্যান আনিস-উজ-জামান খান। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, বিডিআর মহাপরিচালকসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ২১ মে সরকারি তদন্ত কমিটির ৩০৯ পৃষ্ঠার প্রতিবেদন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে জমা দেওয়া হয়। কমিটির প্রধান আনিস-উজ-জামান প্রতিবেদনটি জমা দেন।
২৫ ও ২৬ ফেব্র"য়ারির বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে ২৬ ফেব্র"য়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ওই সরকারি কমিটি গঠন করা হয়। পরে ২ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আনিস-উজ-জামানকে প্রধান করে কমিটি পুনর্গঠন করে সরকার।
এই প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হয় তিন দফা। কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বশেষ গত ৩০ মার্চ সময় বাড়ায় সরকার। সে অনুযায়ী প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল ১২ মে ।
আনিস উজ-জামান ছাড়া কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, অতিরিক্ত সচিব এহসানুল হক, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক নববিক্রম কিশোর ত্রিপুরা, ব্রিগেডিয়ার জেনারেল নূর মোহাম্মদ, কমোডর মোহাম্মদ নাসির, কমোডর সানাউল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির সদস্য সচিব মো. গোলাম হোসেন, বিডিআর মহা-পরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম ও আইন সচিব হাবিবুল আউয়াল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/আরএ/জিএনএ/১৬৫৪ঘ.
bdnews24