ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -টিপাইমুখ বাঁধ নির্মাণ ও এশিয়ান হাইওয়ের নামে 'করিডোর' দেওয়ার বিরুদ্ধে সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিরোধী নেতা খালেদা জিয়া।
সোমবার এক আলোচনা সভায় তিনি এ আহবান জানান।
বিরোধীদলীয় নেতা কোন দেশের নাম উল্লেখ না করলেও বাংলাদেশের রাজনীতিতে করিডোর ইসুটি মূলত প্রতিবেশী ভারতের সঙ্গেই জড়িত।
খালেদা জিয়া বলেন, ''বাংলাদেশের আকাশে এখন শকুনের আনাগোনা চলছে। টিপাইমুখে বাঁধ দিয়ে এ দেশকে ধ্বংস ও শেষ করে দিতে চায়। এশিয়ান হাইওয়ের নামে তারা করিডোর দেওয়ার ষড়যন্ত্র করছে। এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।''
টিপাইমুখে বাঁধ নির্মাণের বিষয়ে সুশীল সমাজের ভূমিকা সম্পর্কেও দেশবাসী জানতে চায় বলে তিনি মন্তব্য করেন।
সন্ধ্যায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় কবি নজরুল ইসলামের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সমাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
তিনি তার দলের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে ষড়যন্ত্র করে যাওয়ার কথা উল্লেখ করেন। খালেদা জিয়া বলেন,'' দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রের উদ্দেশ্য দেশকে গ্রাস করা।"
তিনি বলেন, "জাতীয়বাদী শক্তি বলে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ষড়যন্ত্রকারীদের সেই চক্রান্ত সফল হয়নি।''
'কথিত নির্বাচনের' মাধ্যমে আওয়ামী লীগসহ মহাজোট সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
খালেদা জিয়া বলেন, তিনি এখনো মনে করেন জনগণের ভোটে বিএনপি ও তার জোট হেরে যায়নি।
দলের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে সৎ, যোগ্য, নিষ্ঠাবান ও দক্ষ নেতৃত্ব গড়ে তোলা ও তাদের এগিয়ে নেয়ার অঙ্গীকার করে খালেদা জিয়া বলেন, ''চলতি বছরকে আমরা সাংগঠনিক বর্ষ হিসেবে ঘোষণা করেছি। অনেক প্রতিক ূলতা, বাধা ও চক্রান্ত মোকাবেলা করে আমাদের কাজ করতে হচ্ছে। বিভেদ-বিদ্বেষ-সংকীর্ণতা ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।''
মূল সংগঠনের পাশাপাশি সহযোগী সংগঠনগুলোকেও শক্তিশালী করে তোলা হবে বলে তিনি জানান।
দলের ভেতরে কোন বিভেদ নেই বলে দাবি করে খালেদা জিয়া বলেন, ''দলে বিভেদ ও কোন্দল রয়েছে-একথা ঠিক নয়। বিএনপিতে কোনো বিভেদ ও কোন্দল নেই। তবে নেতৃত্বের প্রতিযোগিতা আছে।''
খালেদা জিয়া কবি নজরুলের সৃষ্টিকর্মের বিষয়টি তুলে ধরে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি জাসাসের প্রতি সামাজিক পরিবর্তনের লক্ষ্যে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলারও আহবান জানান।
সংগঠনের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, অধ্যাপক মাহবুবুল্লাহ, অধ্যাপক এস এম লুৎফর রহমান, কবি আল মুজাহিদী, সাংবাদিক আবদুল হাই শিকদার, জাসাসের সাধারণ সম্পাদক বাবুল আহমেদ ও ফয়েজুল্লাহ ফয়েজ।
অনুষ্ঠানে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকাদার, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম প্রমূখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/এসকে/২১৫৬ ঘ.
bdnews24