২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্র ও সুশাসন নিশ্চিতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত এবং স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করে জনগণের কল্যাণে কাজ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 11:19 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত এবং স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করে জনগণের কল্যাণে কাজ করছে। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত ডোরা র‌্যাপল্ড প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান। বিদায়ী সুইস রাষ্ট্রদূতকে হাসিনা জানান, তার সরকার প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করে দেশের উন্নয়নে বদ্ধপরিকর। এ সময় দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। নবম জাতীয় সংসদ নির্বাচনে সুইস সরকারের সহায়তার জন্য প্রধানমন্ত্রী বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। সেনাবাহিনীর সহযোগিতায় নিভুর্ল ভোটার তালিকা প্রণয়ন এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের ফলেই নির্বাচনে জনগণের রায়ের প্রকৃত প্রতিফলন ঘটেছে বলে হাসিনা মত ব্যক্ত করেন। আর্থ-সামাজিক বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য সুইস সরকারের প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী। ডোরা র‌্যাপল্ড জানান, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে তার সরকার বাংলাদেশের আর্থ-সামাজিক খাতে সহযোগিতা দিতে আগ্রহী। সেপ্টেম্বরে সুইজারল্যান্ডে বিশ্ব জলবায়ু সম্মেলনে তার দেশের সরকার প্রধানের পক্ষ থেকে হাসিনাকে আমন্ত্রণ জানান তিনি। এ সময় আবুল কালাম আজাদ ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং সাবেক রাষ্ট্রদূত জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএসবি/এইচএ/১৭২৫ ঘ.