ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানি আগামী ১৮ মে পর্যন্ত মুলতবি করেছে হাই কোর্টের পঞ্চম বেঞ্চ। খালেদা জিয়ার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে মুলতবির আদেশ হয়।
বেলা ২ টায় শুনানির সময় নির্ধারিত থাকলেও পৌনে ১২টায় খালেদা জিয়ার প্রধান কৌঁসুলি টি এইচ খান আদালতে উপস্থিত হয়ে বলেন, "বাড়ি ছাড়ার জন্য খালেদা জিয়াকে একটি সম্পুরক নোটিশ দেওয়া হয়েছে। তিনি এর জবাবও দিয়েছেন। এ বিষয়ে আদালতে একটি সম্পুরক আবেদন দায়ের করা হবে। এজন্য আগামী ১৮ মে পর্যন্ত সময় প্রয়োজন।"
তখন আদালত সরকার পক্ষের কাছে জানতে চান, সময়ের আবেদনে তাদের কোনো আপত্তি আছে কিনা।
সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম ইনায়েতুর রহিম বলেন, "এক্ষেত্রে সরকারের কোনো আপত্তি নেই।"
মুলতবি আদেশের পর অপর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খালেদা জিয়ার কৌঁসুলিদের আবেদনের পরিপ্রেক্ষিতে রিটটির শুনানি ১৮ মে পর্যন্ত মুলতবি করে ওই দিন শুনানির দিন ধার্য করেছে হাই কোর্ট।"
এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে খালেদা জিয়ার আরেক কৌঁসুলি ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর পঞ্চম বেঞ্চ দুপুর ২টায় শুনানির সময় নির্ধারণ করেছিলেন।
সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বিএনপি সমর্থক বেশ কয়েকজন আইনজীবীও উপস্থিত ছিলেন আদালতে।
সোমবার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি ফারাহ্ মাহবুবের চতুর্থ বেঞ্চ রিট আবেদনটি শুনতে অপারগতা প্রকাশ করে পরবর্তী আদেশের জন্য প্রধান বিচারপতি এম এম রুহুল আমীনের কাছে পাঠিয়ে দেন।
এরপর প্রধান বিচারপতি রিটটি বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর এই পঞ্চম বেঞ্চে পাঠান। এরও আগে হাই কোর্টের তিনটি বেঞ্চ ওই রিটের শুনানিতে অপারগতা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/জিএনএ/১২৪৬ ঘ.
bdnews24