ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৯ মে যুব দলের প্রতিষ্ঠাতা সদস্যদের আয়োজনে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন।
নগরীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিকেল ৩ টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সোমবার বিকেলে যুব দলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুজ্জামান মুনীরের সভাপতিত্বে প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় ১৯ মের আলোচনা সভায় সারাদেশের প্রতিষ্ঠাতা সদস্যদের আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সারাদেশের যুব দলের প্রতিষ্ঠাতা জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের ০১৭১১৬৬১৩৮৭ (আবদুল্লাহ চৌধুরী) ও ০১৭১১৮৯২৩৮০ ( কাজী মনিরুজ্জামান মুনীর) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আবদুল্লাহ চৌধুরী।
প্রস্তুতি সভায় বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়, যুব দলের সভাপতি বরকত উল্লাহ বুলু, যুব দলের প্রতিষ্ঠাতা সদস্য আবদুল্লাহ চৌধুরী, শেখ আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮১৫ ঘ.
bdnews24