ঢাকা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদের মৃত্যুতে পিলখানার ঘটনাবলী নিয়ে রোববারের ঘোষিত মানববন্ধন কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।
সন্ধ্যায় দলের চেয়ারপার্সন খালেদা জিয়া মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে এ কর্মসূচি স্থগিত করার নির্দেশ দেন।
পিলখানা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের আড়াল করার 'অপচেষ্টা' রোধ ও বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর 'নির্যাতনের' প্রতিবাদ সারাদেশে মহানগর, জেলা-উপজেলা সদরে রোববার মানববন্ধন কর্মসূচি ছিল।
গত ২৩ এপ্রিল বিদ্যুৎ-পানি-গ্যাসসহ নানা সমস্যা সমাধানের দাবিতে বিএনপি ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ ছিল এ মানববন্ধন কর্মসূচি। এরপর আগামী ১৪ মে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথিত অবনতির প্রতিবাদের সারাদেশে মহানগর, জেলা-উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি রয়েছে দলটির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১১১ঘ.
bdnews24