২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণের পর মঞ্জু ও শাহজাহান ওমর কারগারে

দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং জোট সরকারের আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমর বুধবার সকালে ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছে। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2009, 06:04 AM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং জোট সরকারের আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমর বুধবার সকালে ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছে। একই সঙ্গে আদালত কারাগারে তাদেরকে প্রথম শ্রেণীর বন্দি হিসেবে ডিভিশন দেওয়াসহ সুচিকিৎসার আদেশ দেয়। সকালে সাবেক দুই মন্ত্রীই বিশেষ আদালত-৯ এ জামিন আবেদন করেন। বিচারক এ কে এম আরিফুর রহমান তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় গত বছরের ২৬ আগস্ট আনোয়ার হোসেন মঞ্জুকে ১৩ বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত-১০। এর আগে অবৈধভাবে মাদকদ্রব্য রাখা এবং ঘুষ নেওয়ার অপরাধে পৃথক দুইটি মামলায় মঞ্জুর যথাক্রমে পাঁচ এবং সাত বছরের কারাদণ্ড হয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় শাহাজাহান ওমরের ১৩ বছরের কারাদণ্ড হয়। রোববার হাইকোর্টের তৃতীয় বেঞ্চের বিচারপতি মো. ইমান আলী দণ্ডপ্রাপ্ত পলাতক প্রভাবশালীদের আগামী দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। এর আগে গত ২৩ ফেব্র"য়ারি দণ্ডপ্রাপ্ত পলাতক প্রভাবশালীদের জামিন ও মামলা বাতিলের আবেদনের ওপর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ দ্বিধাবিভক্ত রায় দিয়েছিল। রায়ে পলাতক দণ্ডপ্রাপ্তরা উচ্চ আদালতে প্রতিকার চাইতে পারে কিনা- এ বিষয়ে দুই বিচারপতি দুই মত দিয়েছিলেন। ওই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক দণ্ডপ্রাপ্ত পলাতক প্রভাবশালীদের আবেদন বিবেচনাধীন রেখে তাদেরকে আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন। তার রায়ে বলা হয়েছিল, নিম্ন আদালত দণ্ডপ্রাপ্ত প্রভাবশালীদের হেফাজতে নেবে। এই সময়ের মধ্যে তাদের কারাগারে যেতে হবে না। নিম্ন আদালত থেকে প্রভাবশালীদের ওকালতনামায় স্বাক্ষর আনার পর হাইকোর্টে বিচারাধীন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। অপর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী প্রভাবশালীদের আবেদনগুলো নিষ্পত্তি করে দিয়ে অবিলম্বে তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছিলেন। এই দ্বিধাবিভক্ত রায়টির বিষয়ে পরবর্তী নির্দেশের জন্য ওই বেঞ্চ নথিগুলো প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। প্রধান বিচারপতি এ বিষয় নিষ্পত্তির জন্য বিচারপতি মো. ইমান আলীকে তৃতীয় বেঞ্চের দায়িত্ব প্রদান করেন। রোববার হাইকোর্টের তৃতীয় বেঞ্চ যেসব প্রভাবশালীর জামিন ও মামলা বাতিলের আবেদন নিয়ে দেওয়া দ্বিধাবিভক্ত রায় নিষ্পত্তি করে তারা হচ্ছেন- সাবেক যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আলহাজ্ব মকবুল হোসেন, হাজী সেলিম ও মো. মহিউদ্দিন এবং বিএনপির নাদিম মোস্তফা, আবু হানিফ পাটোয়ারী, মো. বাবুল চৌধুরী, সারিয়া চৌধুরী, মাফরুজা সুলতানা, মাসুদুর রহমান ও সফিউর রহমান বাবু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/ এজে/এফএফ/এইচএ/জিএনএ/১৪৫১ ঘ.