নোয়াখালী, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী সাধারণ নির্বাচনে জিতে জাতীয় পার্টি এককভাবে সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
মঙ্গলবার তিনি নোয়াখালীর সোনাইমুড়ী-লাকসাম বাইপাস সড়ক এবং একই উপজেলার আমিশাপাড়া বাজারে পৃথক দু'টি সমাবেশে আশাবাদ ব্যক্ত করেন।
দলীয় নেতা-কর্মীদের গ্রামে-গঞ্জে কাজ শুরু করে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমার সরকার ৬৮ হাজার গ্রামে যে উন্নয়ন করেছে তা কোনো সরকার করতে পারেনি। আমার আমলে নতুন উপজেলা সদরগুলো শহরে পরিণত হয়েছে।"
আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় এলে প্রতিটি গ্রামে শহরের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। গ্রামে গ্রামে কৃষি উপকরণের কারখানা গড়ে তোলা হবে বলে এরশাদ জানান।
জাপা চেয়ারম্যান বলেন, "জাতীয় পার্টির শাসনামলে দেশে কোনো কল-কারখানা বন্ধ হয়নি। কিন্তু গত জোট সরকার কল-কারখানা বন্ধ করে দেশে বেকারত্ব বৃদ্ধি করেছে।"
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এরশাদ বলেন, "আপনি বন্ধ কল-কারখানা আবার চালু করার কথা বলেছেন। আপনার কথা ঠিক থাকলে শ্রমিকরা আপনাকে মাথার মুকুট করে রাখবে।"
এসব সমাবেশে আরও বক্তব্য রাখেন- জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও সাবেক মন্ত্রী মাহববুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৪ ঘ.
bdnews24