ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সব পক্ষের সঙ্গে আলোচনা করে গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।
শনিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বার্ষিক সাধারণ সভায় গণমাধ্যমে বিরাজমান সমস্যা সমাধানেরও আশ্বাস দেন তিনি।
১৯৭৪ সালের ওয়েজবোর্ড আইন গত বিএনপি-জামায়াত জোট সরকার রহিত করে দিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, "এটা দুঃখজনক। সাংবাদিকদের ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়নে আমরা ১৯৭৪ সালের আইন পুনর্বহালের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবো।"
তিনি বলেন, "আমরা দিনবদলের কথা বলেছি। বর্তমান সরকার অবাধ তথ্য প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী।
তথ্য মন্ত্রী বলেন, এজন্যে গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়ন, ওয়েজবোর্ড প্রদান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিরাজমান সমস্যাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
আবুল কালাম আজাদ বর্তমান সরকারের তিনমাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য হ্রাস ও কৃষকদের সার সরবরাহসহ সরকারের নানা 'সফলতার' কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান।
ডিইউজের সভাপতি শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সাধারণ সম্পাদক ওমর ফারুক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও মহাসচিব আলতাফ মাহমুদ বক্তব্য রাখেন।
গণমাধ্যমের সার্বিক অবস্থা 'ভালো নয়' বলে উল্লেখ করে ইকবাল সোবহান চৌধুরী বলেন, "মেধা ও যোগ্যতাভিত্তিক সাংবাদিকতা করতে হবে। বেতন না পাওয়া ও চাকরি হারানোর ভয়ে সাংবাদিকরা ভয়ে ভয়ে থাকেন।"
এ সমস্যা সমাধানে একটি কমিশন গঠন করে এর সুপারিশের ভিত্তিতে নীতিমালা প্রণয়নের দাবি জানান তিনি।
ইকবাল সোবহান ১৯৭৪ সালের ওয়েজবোর্ড আইনটিও পুনর্বহালের দাবি জানান।
আলতাফ মাহমুদ তার বক্তব্যে ইত্তেফাক, অবজারভার, জনকণ্ঠ, আরটিভিসহ বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কথা তুলে ধরেন ।
সভায় সিনিয়র সাংবাদিকদের মধ্যে গিয়াস কামাল চৌধুরী, শফিকুর রহমান, কাজী রফিক, আকরাম হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিআর/এসকে/২২৪৪ঘ.
bdnews24