ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচারের কাজ শুরু হলে আগামী বিজয় দিবসের মধ্যে তা শেষ হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শিশু সংগঠন খেলাঘরের জাতীয় সম্মেলন-২০০৯ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ''যুদ্ধাপরাধীর বিচারের কাজটি শুরু হলে আমরা আশা করি তা দ্রুত শেষ হবে। এ বছরের বিজয় দিবসের মধ্যে তা শেষ হতে পারে।''
এ বিষয়ে তিনি আরো বলেন, "আগামী সপ্তাহের প্রথম দিকে অর্থাৎ সোমবারের মধ্যে আমরা যুদ্ধাপরাধীর বিচার কাজ শুরু করতে ইনভেস্টিগেটিভ এজেন্সি (তদন্ত সংস্থা) ও প্রসিকিউটর নিয়োগ করব। এই নিয়োগের মাধ্যমে যুদ্ধাপরাধীর বিচারের কার্যক্রম শুরু হয়ে যাবে।''
আইনমন্ত্রী বলেন, "১৯৭৩ সালের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অ্যাক্টের অধীনে যুদ্ধাপরাধের বিচার হবে। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ও নবম জাতীয় সংসদের সর্বসম্মত সিদ্ধান্তে আমরা যুদ্ধাপরাধের মতো মানবতাবিরোধী অপরাধের বিচারের কাজটি শুরু করতে যাচ্ছি।"
এর আগে খেলাঘরের উপদেষ্টা শফিক আহমেদ স্কুল-কলেজের শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ''মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে। এ ব্যাপারে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্ব অনেক। কারা মুক্তিযুদ্ধ করেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের পরিচয় ও মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের ইতিহাস আমাদের শিক্ষার্থীকে জানাতে হবে।''
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানিয়ে তিনি বলেন, ''মুক্তিযুদ্ধের চেতনায় তোমরা গড়ে উঠবে, এটাই আমরা কামনা করি। শিক্ষক ও অভিভাবকদের শ্রদ্ধা করবে তোমরা। সুনাগরিক হিসেবে তোমাদের গড়ে উঠতে হবে।''
এর আগে কেন্দ্রীয় খেলাঘরের জাতীয় সম্মেলনের অংশগ্রহনকারীদের শপথ বাক্য পাঠ করান তিনি। শপথ বাক্যে খেলাঘরের সদস্যরা মুক্তিযুদ্ধ বিরোধীদের বিচারের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
অনুষ্ঠানটি সরদার ফজলুল করিমের উদ্বোধন করার কথা থাকলেও তিনি অসুস্থ থাকায় তার লিখিত বক্তব্য পাঠের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়।
এরপর আইনমন্ত্রী শফিক আহমেদ ও সংগঠনের সভাপতি অধ্যাপক আলী আজগর বেলুন ও সাদা পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে শুরুতে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শিশু সদস্যরা নৃত্যের তালে তালে 'আমরা তো সৈনিক, শান্তির সৈনিক' সঙ্গীতটি পরিবেশন করে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সংগঠনের সভাপতি ড. আলী আজগর, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারপারসন সেলিনা হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, খেলাঘরের উপদেষ্টা পরিষদের সভাপতি অধ্যাপিকা মাহফুজা খানম, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রঙ্গিন ব্যানার, ফ্যাস্টুন নিয়ে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, পটুয়াখালী, খাগড়াছড়ি, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, নারায়নগঞ্জ, টাঙ্গাইল, নোয়াখালীসহ বিভিন্ন জেলার খেলাঘরের প্রতিনিধিরা অংশ নেয়। খাগড়াছড়ি থেকে আসা প্রতিনিধি দলের শিশু সদস্যরা পাবর্ত্য অঞ্চলের আদিবাসীদের নৃত্য পরিবেশন করে।
পরে খেলাঘরের সদস্যরা একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করে।
শুক্রবার দুপুরে মহানগর নাট্যমঞ্চে শুরু হয়েছে খেলাঘরের কাউন্সিল অধিবেশন। শনিবার সন্ধ্যায় একই স্থানে সমাপনী অনুষ্ঠান হবে ।
বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/এসএম/এফএফ/জিএনএ/১৪৪২ ঘ.
bdnews24