ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সরকারকে দলের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
নববর্ষের আগের দিন এক সমাবেশে এ শুভেচ্ছা বার্তা উচ্চারণ করে দেলোয়ার 'প্রতিহিংসা ও বিভেদের পথ পরিহার করে' সরকারের দেওয়া জনকল্যাণমুখী প্রতিশ্র"তি বাস্তবায়ন করার আহ্বান জানান।
খোন্দকার দেলোয়ার সোমবার বিকালে বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন।
বিএনপি মহাসচিব 'প্রতিহিংসার পথ পরিহার করে' খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়িটির লিজ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে প্রধানমন্ত্রীর প্রতি আবারো অনুরোধ জানান।
দেলোয়ার বলেন, '' প্রতিহিংসা, ক্লেদ ও বিভেদের পথ পরিহার করে ক্লিন মনে সমৃদ্ধ দেশ গড়তে দিন বদলের জন্য যেসব জনকল্যাণমুখী প্রতিশ্র"তি দিয়েছেন, তা বাস্তবায়ন করুন। আমরা সেই কাজে আপনাদের পাশে থেকে সহযোগিতা করতে চাই। নববর্ষের প্রাক্কালে সেজন্য আপনাকে ও আপনার সহকর্মীদের মন বদল করার আহবান জানাচ্ছি।''
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা দল খালেদার বাড়ির লিজ বাতিলের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব সরকারকে সহযোগিতা করায় তাদের ইচ্ছার কথা উল্লেখ করেন। তিনি বলেন,'' এদিকে আপনারা দিন বদলের কথা বলবেন। অন্যদিকে মনমানসিকতার পরিবর্তন করবেন না- তা গ্রহণযোগ্য নয়। চাঁদাবাজি, দখলবাজি করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না, দেশেরও উন্নতি হবে না।''
সরকারি দলের বিরুদ্ধে সারাদেশে বিএনপি নেতা-কর্মীদের 'নির্যাতন ও মিথ্যা মামলার' অভিযোগ তুলে ধরে তিনি বলেন,''এক লাখ টাকা চাঁদা না দেওয়ার জন্য যেভাবে সরকারি দলের কর্মীরা পিজি হাসপাতালের একজন চিকিৎসককে জখম করেছে, তা আমি স্বচক্ষে আজ দেখে এসেছি।"
তিনি প্রশ্ন করেন," এটা কি সরকারের দিনবদলের রাজনীতি ?''
খালেদা জিয়ার বাড়ির লিজ বাতিলের বিষয়ে দেলোয়ারের অভিযোগ, "২৮ বছর এ বাড়ি নিয়ে তারা কোনো কিছুই পায়নি। এখন ক্ষমতায় এসে খুঁজে পেয়েছেন বাড়িটি অবৈধ।"
বিএনপি মহাসচিব আরো বলেন, "বাড়িটির স্বত্ব যদি বেআইনি হয় সরকারের উচিত আদালতে যাওয়া। কিন্তু তারা সেই পথে না গিয়ে এখন হুঙ্কার দিচ্ছেন নানা কথা বলছেন। এটা গণতন্ত্র ও আইনের পথ নয়। ''
আইনসিদ্ধভাবে হয়নি এ যুক্তি দিয়ে গত বুধবার মন্ত্রিসভা খালেদা জিয়ার নামে বরাদ্দ ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়িটির লিজ বাতিল করে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পর তার বিধবা স্ত্রী খালেদা জিয়াকে ৯ বিঘা আয়তনের ওই বাড়ি এবং গুলশানে আরেকটি বাড়ি লিজ দেওয়া হয়।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শফিউজ্জামান খোকন, সহ সভাপতি আবুল হোসেন, হারুন অর রশীদ, ছাত্র দলের সিনিয়র সহসভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, প্রয়াত বিএনপি নেতা কে এম ওবায়দুুর রহমানের মেয়ে শ্যামা ওবায়েদ প্রমূখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১৪৯ঘ.
bdnews24