ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি রোববার
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিরুদ্ধে সংসদ এবং সংবিধান অবমাননার অভিযোগ এনেছে।
একইসঙ্গে নোটিশ পাওয়া সত্ত্বেও স্থায়ী কমিটির রোববারের সভায় দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধূরীসহ সচিব এবং দুই কমিশনার কোন আইন বলে উপস্থিত হলেন না সে ব্যাপারে কমিটির আগামী ২ জুনের বৈঠকের ৭দিন আগে তাদেরকে জানাতে বলা হয়েছে।
রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মহীউদ্দিন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্ধারিত বৈঠকে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে কমিটির অপর এক সদস্য মইনুদ্দিন খান বাদল সাংবাদিকদের জানান, চূড়ান্তভাবে তাদের বিরুদ্ধে সংসদ অবমাননার অভিযোগ আনা হলে তাদেরকে জরিমানা, এমনকি গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/জিএনএ/১৩৪১ ঘ.
bdnews24