ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির বরাদ্দ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম, রাজশাহী, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি এবং এর সমর্থক সংগঠনগুলো শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
রাজশাহীর পুঠিয়ায় ১৪৪ ধারা ভেঙে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেত্রকোনায় পুলিশের বাধার কারণে প্রতিবাদ মিছিল ও সভা হতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস ও জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
চট্টগ্রাম: মহানগর বিএনপির উদ্যোগে বিকেলে প্রতিবাদ সমাবেশ করা হয় লালদিঘী মাঠ সংলগ্ন জেলা পরিষদ চত্বরে। সবেক হুইপ মহানগর বিএনপির আহ্বায়ক সৈয়দ ওয়াহিদুল আলমের সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল নোমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, সাবেক সাংসদ রোজী কবির, এমএম নাজিম উদ্দিন, আবু সুফিয়ান প্রমুখ।
সভায় আব্দুল্লাহ আল নোমান বলেন, "খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির বরাদ্দ বাতিলের আইনি ক্ষমতা মন্ত্রিসভার নেই। এর একমাত্র এখতিয়ার রয়েছে সুপ্রিম কোর্টের।"
খালেদা জিয়ার উজ্জ্বল ভাবমূর্তি ম্লান করার জন্য তাকে হেয় করার উদ্দেশ্যে এটি একটি চক্রান্ত বলে দাবি করেন তিনি।
নোমান বলেন, "দেশের সাধারণ মানুষ সরকারের এই হীন মানসিকতার সমুচিত জবাব দেবে।"
খুলনা: মহানগরীর বিভিন্ন থানায় বিএনপি প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এসব সমাবেশে সরকারের সমালোচনা করে দেশকে অস্থিতিশীল করে তোলার অভিযোগ করেন দলটির নেতারা।
বিকেলে মহানগর বিএনপি কার্যালয়ের সামনে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা শাখা যৌথ সমাবেশ করে। এ সমাবেশে বক্তব্য রাখেন- সোনাডাঙ্গা থানা বিএনপি সভাপতি এস এম মোরশেদ আলম, সাবেক সাংসদ এম নুরুল ইসলাম প্রমুখ।
বিএনপি নেতারা অবিলম্বে খালেদা জিয়ার বাড়ি বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, জিয়া পরিবারের ওপর আঘাত এদেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না।
এছাড়া নগরীর খান জাহান আলী ও খালিশপুর এবং জেলার রূপসা, তেরখাদা, দিঘলিয়া, বটিয়াঘাটা, দাকোপ, ডুমুরিয়া, ফুলতলা, কয়রা ও পাইকগাছায় প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
রাজশাহী: পুঠিয়া উপজেলায় ১৪৪ ধারা ভেঙে পুলিশের উপস্থিতিতে বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে।
পুঠিয়ার মুক্তা সিনেমা হলের সামনে বিএনপি এবং সরকারি সভা আহ্বান করলে উপজেলা প্রশাসন সমাবেশ স্থলের আশপাশে শনিবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সব ধরনের মিছিল সমাবেশের ওপর ১৪৪ ধারা জারি করে। পরবর্তীতে আওয়ামী লীগ তাদের কর্মসূচি বাতিল করে।
সন্ধ্যায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ১৪৪ ধারা ভঙ্গ করে সেখানে বিক্ষোভ সমাবেশ করে। তবে পুলিশ ঘেরাও করে রাখার কারণে মিছিল করতে পারেনি।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ঢাকা-রাজশাহী মহাসড়কে ১৪৪ ধারা জারি করায় বিএনপি সেখানে কোনো কর্মসূচি পালন করেনি। মুক্তা সিনেমা হলের সামনে জড়ো হলে পুলিশ তাদের ঘিরে রাখে।
এদিকে জেলার বাঘা, চারঘাট, দুর্গাপুর, বাগমারা, মোহনপুর, পবা, তানোর, গোদাগাড়ী উপজেলাসহ মহানগরীর বোয়ালিয়া, রাজপাড়া, শাহ্ মখদুম এবং মতিহার থানা এলাকায় বিএনপি পৃথক বিক্ষোভ সমাবেশ করে।
কর্মসূচিতে জেলা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিএনপি এবং জামায়াতপন্থী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে মৌন মিছিল করেছেন।
সকাল সাড়ে ১০টায় তাদের র্যালি প্রশাসন ভবনের পশ্চিম চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে অধ্যাপক এম সাদেকুল ইসলাম বলেন, সরকার সম্পূর্ণ অগণতান্ত্রিক, শিষ্টাচার বহির্ভূত ও বেআইনিভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তিনি অবিলম্বে খালেদা জিয়ার বাড়ির বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
মিছিলে রাবির সাবেক উপাচার্য ড. এম আজহারুল ইসলাম, ফাইসুল ইসলাম ফারুকী, ড. মামনুনুল কেরামত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রফিকুল ইসলামসহ দেড় শতাধিক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
বরিশাল: কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি।
সকাল ১১টায় জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে অশ্বিনী কুমার হল চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এএইচএম সালেহ'র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নজরুল ইসলাম রাজন, আলী হায়দার বাবুল, এবায়দুল হক চাঁন প্রমুখ।
সভা শেষে একটি মিছিল বের হয়ে চকবাজার এলাকায় গিয়ে শেষ হয়।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলায়ও কর্মসূচি পালিত হয়।
এছাড়া পাবনা, সুনামগঞ্জ, নীলফামারী ও পটুয়াখালীতে অনুরূপ কর্মসূচি পালিত হয়।
তবে পুলিশের বাধার কারণে নেত্রকোনায় মিছিল ও সভা পণ্ড হয়ে যায়।
নেত্রকোনা প্রতিনিধি জানান, দুপুরে জেলা বিএনপি ছোট বাজার এলাকার দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়।
পরে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা করতে চাইলেও পুলিশের বাধায় তাও পণ্ড হয়ে যায়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক এ ঘটনার তীব্র নিন্দা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০১ ঘ.
bdnews24