ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-শেষ পর্যন্ত ছাত্রলীগের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করতে পেরেছেন বলে দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রোটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার শেখ হাসিনার সঙ্গে তাদের (তিনি ও ছাত্রলীগ সভাপতি) দেখা হয়েছে।"
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় যান ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। রাত ১১টায় তারা সেখান থেকে বের হন।
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সহিংস কার্যকলাপের প্রেক্ষাপটে গত ৩ এপ্রিল ছাত্রলীগের সাংগঠনিক নেত্রীর পদ থেকে সরে দাঁড়ান শেখ হাসিনা। তারপর থেকেই শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন যমুনা, সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে বারবার দেখা করার চেষ্টা করে ব্যর্থ হন ছাত্রলীগের শীর্ষ নেতারা।
ছাত্রলীগের সাংগঠনিক নেত্রীর পদ থেকে শেখ হাসিনা নিজেকে প্রত্যাহার করে নেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা-কর্মীরা তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রতীক অনশন, গণস্বাক্ষর, মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। নবীন নেতা-কর্মীরা ছাত্রলীগে এ অচলাবস্থার জন্য সংগঠনের শীর্ষ দুই নেতাকে দায়ী করছেন। এখনও নিরসন হয়নি ছাত্রলীগে নেতৃত্বের অচলাবস্থা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেএফ/এইচএ/২৩০৫ঘ.
bdnews24