২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির ইজারা বাতিলের সিদ্ধান্ত নিয়ে বিএনপি-জামায়াত জোট দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তিনি বলেন, "ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2009, 12:12 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

গোপালগঞ্জ, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির ইজারা বাতিলের সিদ্ধান্ত নিয়ে বিএনপি-জামায়াত জোট দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তিনি বলেন, "ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা।" শুক্রবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাথানডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী ও শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, "অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে নতুন শিক্ষানীতির কাজ শুরু হয়েছে। ২০১৩ সালে ডিগ্রি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হবে। ২০২১ সালে চালু করা হবে প্রাথমিক পর্যায়ে কম্পিউটার শিক্ষা।" ফারুক খান বলেন, "সেচ ব্যবস্থা আধুনিকীকরণ এবং কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দেওয়া হবে। কৃষি উৎপাদন বাড়িয়ে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব। মুক্তিযোদ্ধা, বিধবা, বয়স্ক ভাতা বাড়ানো হবে। রাস্তাঘাট, বিদ্যুৎ অবকাঠামো ও তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন করে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে।" উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারী ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য তিনি দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানান। বাথানডাঙ্গা হাইস্কুল এক্স ষ্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ওয়াসার চেয়ারম্যান ও বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোল্লা মো. আবুল হোসেন, জি এম আকরাম হোসেন, কর কমিশনার রুস্তম আলী মিয়া, নলিনী রঞ্জন বসাক, নজরুল ইসলাম, আবু জাফর চাঁন মিয়া, মনিরুজ্জামান বুলু, আবু বক্কর লস্কর ও আজিজুল হক নান্নু। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ হাজারী। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেন বাণিজ্যমন্ত্রী। এছাড়া তিনি কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন। বিকেলে তিনি মুকসুদপুর উপজেলার বাটিকামারীতে জনসভায়ও যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এইচএ/১৮১০ঘ.