২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে তত্ত্বাবধায়ক সরকারের তীব্র সমালোচনায় খালেদা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার সংসদে দেওয়া ভাষণে তার সরকারের সময়কার উন্নয়নের বর্ণনা দেওয়ার পাশাপাশি বিগত তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 12:31 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার সংসদে দেওয়া ভাষণে তার সরকারের সময়কার উন্নয়নের বর্ণনা দেওয়ার পাশাপাশি বিগত তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন। আওয়ামী লীগের সময় পরীক্ষায় 'নকলের মহোৎসব' হয়েছে মন্তব্য করে খালেদা বলেন, বিএনপির সময় তা নিয়ন্ত্রণ করা হয়েছে। তিনি আওয়ামী লীগের সময়ই বাংলাদেশ প্রথমবার ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সমীক্ষায় 'দুর্নীতিতে এক নম্বর' হয় বলে উল্লেখ করেন। বিরোধীদলীয় নেত্রী বলেন, বিএনপির সময় দুর্নীতির সূচক নিচে নেমে আসে। আওয়ামী লীগের সাংসদদের শোরগোলের মধ্যে খালেদা স্পিকারকে উদ্দেশ করে বলেন, "অনেক দিন পর সংসদে এসেছি। কথা বলতে দিন। না হলে চলে যেতে পারি।" একমাস ছয়দিন পর খালেদা জিয়া মঙ্গলবার সংসদে যান। দুর্নীতি দমনকে কঠিন কাজ উল্লেখ করে খালেদা বলেন, আমরা চেষ্টা চালিয়ে গিয়েছি। তিনি তত্ত্বাবধায়ক সরকারের সময় 'দুর্নীতি দমনের নামে' রাজনীতির বিরুদ্ধে 'অভিযানের' সমালোচনা করেন। তত্ত্বাবধায়ক সরকারের সময় উচ্ছেদ অভিযান ও দারিদ্র্যের কথা উল্লেখ করে বিএনপির চেয়ারপার্সন বলেন, " তখন মা ক্ষুধার জ্বালায় সন্তান বিক্রি করে দিতে বাধ্য হয়েছে।" ডাল ভাত কর্মসূচির নামে বিডিআরকে 'দোকানদারি' করানোরও সমালোচনা করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৮৩০ঘ.