ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগরে গ্যাস অনুসন্ধান এবং জলবিদ্যুৎ ও সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বিদেশি সহযোগিতার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন্স নিকোলাস ইভান্স মঙ্গলবার শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন বলে তার প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন।
স্টিফেন্স ইভান্স সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করেন। এসময় বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলে শেখ হাসিনা আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী দেশের সরকারি ও বেসরকারি খাতকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের কথাও বলেন।
বাংলাদেশে দারিদ্য্র বিমোচন এবং জনগণের ভাগ্য উন্নয়নে তার সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন শেখ হাসিনা।
আবুল কালাম আজাদ বলেন, "প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাস এখন কোনো নির্দিষ্ট দেশে সীমাবদ্ধ নেই। সবাইকে সম্মিলিতভাবে সন্ত্রাস মোকাবেলা করতে হবে"।
আবুল কালাম আজাদ বলেন, "ব্রিটিশ হাইকমিশনারকে প্রধানমন্ত্রী জানান, তার সরকারের সময় দেশে খাদ্য উৎপাদন বেড়েছে। সরকার খাদ্য সংরক্ষণের ক্ষমতা বাড়ানোর বিষয়ে নজর দিচ্ছে।"
প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়া বন্ধ করতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে দুপুরে খাওয়ার ব্যবস্থা করা যায় কিনা সরকার সে বিষয়েও চিন্তাভাবনা করছে বলে জানান প্রধানমন্ত্রী।
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "দেশের নদীগুলো খনন এবং জলাধার তৈরীর পরিকল্পনা সরকারের রয়েছে।"
তিনি বলেন, জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে আবারও শিশু ও মাতৃসদন এবং কমিউনিটি হেলথ সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।
এসময় আরো উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, সাবেক রাষ্ট্রদূত জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ।
এর আগে সকাল সাড়ে দশটায় ডেপুটি চিফ অব দ্য জেনারেল পলিটিক্যাল ডিপার্টমেন্ট লে. জেনারেল জিয়া তিঙ্গান, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদুূত ঝাঙ্গ জিয়ানি, ডেপুটি চীফ অব স্টাফ-নানজিং মিলিটারি এরিয়া কমাণ্ড মেজর জেনারেল ঝাং ঝোঙ্গুয়া, কমান্ড অব গানসু প্রভিন্সিয়াল মিলিটারি কমান্ড মেজর জেনারেল চেন ঝিশুসহ নয় সদস্যের চীনা প্রতিরক্ষা বিষয়ক একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করে।
প্রেস সচিব জানান, বৈঠকে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচন এবং জনগনের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা চীনা প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান। তিনি দুদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ 'এক চীন' নীতিতে বিশ্বাস করে।
দু'দেশের ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক ইস্যু এবং সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানান আবুল কালাম আজাদ।
এসময় প্রধানমন্ত্রীর সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিন মিয়াজি উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৭২৭ঘ.
bdnews24