ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের জন্য দুঃখ প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত এসব অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "দলীয় কারণে কার্ড বিতরণে কিছু অনিয়ম হয়ে থাকতে পারে। দলীয় বিবেচনায় কিছু অযোগ্য ব্যক্তি কার্ড পেয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।'
তবে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ অস্বীকার করে মন্ত্রী বলেন, "কোথাও নিম্নমানের চাল দেওয়া হচ্ছেনা। চালের মান ঠিক রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনে গণমাধ্যম কর্মীরা খোঁজ নিয়ে দেখতে পারেন।"
তত্ত্বাবধায়ক সরকারের সময়ে চালু হওয়া ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি বাতিলের কথা আবারো জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, "মার্চ-এপ্রিলে এ কর্মসূচির বাকি যে অংশ শুরু হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়েছে। তবে আগামী বছর একই ধরণের কর্মসূচি চালু করা হবে।"
তিনি বলেন, "একশ দিনের কর্মসূচির জন্য বরাদ্দ হওয়া দুই হাজার কোটি টাকার মধ্যে নয়শ কোটি টাকা প্রথমবারই ব্যয় করা হয়েছে। বাকি টাকা থেকে আটশ কোটি টাকা দিয়ে আগামী বছর খাদ্য নিরাপত্তা কর্মসূচির অধীনে নতুন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এখানে বিশ্বব্যাংক আর্থিক ও কারিগরি সহায়তা দেবে।"
এ কর্মসূচিতে দুর্নীতির বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, "শুধুমাত্র স্থানীয় সরকার প্রতিনিধিরাই দুর্নীতির সঙ্গে জড়িত নন। সরকারি কর্মকর্তারাও এর সঙ্গে জড়িত ছিলেন। এ বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও চাল সংগ্রহের ব্যাপারে মন্ত্রী বলেন, "এখনও সরকার মূল্য নির্ধারণ করেনি। তবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বোরো সংগ্রহের মূল্য র্নিধারণ করা হবে।"
এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে গার্মেন্টস শ্রমিকদের জন্য ওএমএস কার্যক্রম চালু না হওয়ার কথা জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, "সরকার দেশের প্রায় ৩০ লাখ গার্মেন্টস শ্রমিকের জন্য ওএমএস চালুর প্রস্তুতি সম্পন্ন করলেও তাদের কাছে থেকে সাড়া না পাওয়ায় এখন পর্যন্ত এ কর্মসূচি চালু করা সম্ভব হয়নি।"
এ বিষয়ে তিনি আরো বলেন, "চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমে যাওয়ায় গার্মেন্টস শ্রমিকদের কাছ থেকে তেমন সাড়া পাওয়া যাচ্ছেনা। তাই ওএমএস'র পণ্যের দাম পুনর্মূল্যায়নের প্রয়োজন দেখা দিয়েছে। শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।"
এছাড়া ১ এপ্রিল থেকে ছয়টি বিভাগীয় শহরসহ ১১টি শহরে চালু হওয়া ওএমএস কার্যক্রমে তেমন সাড়া পাওয়া যাচ্ছেনা বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/জিএনএ/১৫১১ ঘ.
bdnews24