২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুটিতে আ.লীগ সমর্থিতরা চেয়ারম্যান নির্বাচিত

স্থগিত হওয়া পাঁচটি উপজেলা পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দুটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকিগুলোতে জনসংহতি সমিতি, জামায়াতে ইসলামী সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটনা ভোটগ্রহণ চলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 07:20 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্থগিত হওয়া পাঁচটি উপজেলা পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দুটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকিগুলোতে জনসংহতি সমিতি, জামায়াতে ইসলামী সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটনা ভোটগ্রহণ চলে। কুমিল্লার বরুড়ায় এক এজেন্টকে প্রতিপক্ষের কর্মীরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় সদরে এজেন্টকে আটক করার ঘটনায় জনতা-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বাকি তিনটি উপজেলায় কোন গোলযোগের খবর পাওয়া যায়নি। ভোটার উপস্থিতি আগের তুলনায় কম ছিল বলে সংশ্লিষ্ট উপজেলার নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা জানিয়েছেন। তবে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল বাতেন সাংবাদিকদের বলেন, সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বেড়েছে। ২২ জানুয়ারি নির্বাচনের দিন ব্যালট ছিনতাই, কেন্দ্র দখলের চেষ্টা, সংঘর্ষ এবং নির্বাচনের আগে অনিয়মের কারণে এ পাঁচটি উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়। কক্সাবাজারের উখিয়া উপজেলায় ২২ জানুয়ারি আগে নির্বাচন স্থগিত করা হয়। এ উপজেলার নির্বাচন এ দফায় স্থগিত করা হয়েছে। ফলাফল: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত মনির হোসেন চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মাছ প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ৩০ হাজার ৩২৯ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আ ক ম রুহুল আমিন (৩৭ হাজার ১৯৪) ও নীলুফার কবীর (২১ হাজার ৭৮৯)। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত আলী আলম (চেয়ার)। তার প্রাপ্ত ভোট ৫২ হাজার ২০৫। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন আব্দুল হামিদ আকন্দ (বাঘ প্রতীক) ও সোনিয়া সবুর (আম)। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় চেয়ারম্যান হয়েছেন স্বতন্ত্র বশিরুল্লাহ জরু (দেয়াল ঘড়ি)। তার প্রাপ্ত ভোট ৭২ হাজার ৮৪৬। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নূরে আলম সিদ্দিকী (উড়োজাহাজ) ও মমতাজ বাশার (প্রজাপতি)। কুমিল্লার বরুড়া উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত হাফিজ আহমেদ (ছাতা)। তার প্রাপ্ত ভোট ৪৩ হাজার ৯৮০। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. সোলায়মান পাটোয়ারী (৩৭ হাজার ৩৫) ও আজমীর সুলতানা (৫১ হাজার ৫০)। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনসংহিত সমিতি সমর্থিত ধর্মবীর চাকমা (ছাতা)। তার প্রাপ্ত ভোট ১৫ হাজার ৯৭। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছে সুপ্রিয় চাকমা (১৫ হাজার ৮৮৭) ও শতরূপ চাকমা (১৭ হাজার ২৭০)। ধাওয়া পাল্টা ধাওয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের সোহাতা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একজন মহিলাকে ভোট দিতে সাহায্য করায় আনারস প্রতীকের এজেন্ট শফিকুল হক বাবরকে পুলিশ আটক এবং লাঠিপেটা করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়রা লাঠিসোটা নিয়ে কেন্দ্রে হামলা চালায়। পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে কেন্দ্রে ভোটগ্রহণ প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক এজেন্ট বাবরকে ছেড়ে দেয়। কেন্দ্রটির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ পরিদর্শক নেহাজ দাবি করেন, এজেন্ট বাবর ভূয়া ভোট দিতে সাহায্য করায় তাকে আটক করা হয়েছিল। কুমিল্লার বরুড়া উপজেলার একটি কেন্দ্রে এজেন্টকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্রের আসার সময় কৃষ্ণপুর কেন্দ্রের দোয়াত-কলম প্রতীকের এজেন্ট আনোয়ার হোসেনকে মারধর করা হয়। তিনি অভিযোগ করেন, ছাতা প্রতীকের সমর্থকরা তাকে মারধর করেছে। আনোয়ারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন্দ্রের নিরাপত্তাকর্মীরা বলেছেন, কেন্দ্রের বাইরে কোন ঘটনা ঘটলে তাদের করার কিছু নেই। ভোটার উপস্থিতি: দুটি উপজেলায় এজেন্টকে মারধর ও ধাওয়া পাল্টা ধাওয়া ছাড়া পাঁচটি উপজেলার আর সব কেন্দ্রেই শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল বাতেন। তিনি বলেন, কোথাও গোলযোগ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা জানান, তুলনামূলকভাবে ভোটার উপস্থিতি কম ছিল। সংশ্লিষ্ট উপজেলার নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারও বলেছেন ভোটার উপস্থিতি আগের নির্বাচনগুলোর তুলনায় আশানুরূপ ছিল না। লক্ষ্মীপুরের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মোস্তফা জানান, রামগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্রে গড়ে ভোট পড়েছে ৩০ থেকে ৩৪ শতাংশ। ২২ জানুয়ারি ৪৮১ টি উপজেলার মধ্যে ৪৭৫টির নিবার্চন সম্পন্ন হয়। এর মধ্যে কয়েকটি আটটি উপজেলার ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। পরে ১৬ মার্চ এসব ভোটকেন্দ্রে নির্বাচন হয়। সংসদ নির্বাচনের মত উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত তিন শতাধিক প্রার্থী বিজয়ী হন। (ব্রাহ্মণবাড়িয়ার পিযুষকান্তি আচার্য, কুমিল্লার আতিবুর রহমান, খাগড়াছড়ির চাইথোয়াই মারমা, লক্ষ্মীপুরের মহিউদ্দিন মুরাদ ও সিরাজগঞ্জের আমিনুল ইসলাম রানার পাঠানো প্রতিবেদন) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০১১২ ঘ.