২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের শীর্ষ দুই নেতার প্রতি মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা ক্ষুদ্ধ

ছাত্রলীগের সাংগঠনিক নেত্রীর পদ থেকে শেখ হাসিনার সরে যাওয়ার সিদ্ধান্তে ছাত্রলীগের শীর্ষ দুই নেতার প্রতি মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা ক্ষুদ্ধ। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 02:00 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের সাংগঠনিক নেত্রীর পদ থেকে শেখ হাসিনার সরে যাওয়ার সিদ্ধান্তে ছাত্রলীগের শীর্ষ দুই নেতার প্রতি মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা ক্ষুদ্ধ। (বিস্তারিত) রোববার কেন্দ্রীয় কমিটির এক সভায় শতাধিক নেতার পদত্যাগের একদিন পর সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচী পালিত হয়েছে। সোমবার শেখ হাসিনাকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগের একাংশ মানব বন্ধন করে। এ মানব বন্ধনের পরপরই মধুর ক্যান্টিন থেকে ছাত্রলীগের হল কমিটির নবীন কর্মীরা মিছিল করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি দেওয়ার দাবি জানায়। মিছিলকারী অংশটি সংগঠনের বর্তমান অবস্থার জন্য কেন্দ্রীয় নেতাদের ব্যর্থতাকে দায়ী করছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এ মিছিলে যোগ দিতে গেলেও নবীনদের বিরোধিতায় তারা তা করতে পারেননি। এদিকে সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শেখ হাসিনাকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করে। এছাড়াও নির্বাচন কমিশনের প্রতি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধনের আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় শতাধিক নেতার পদত্যাগের ব্যাপারে জিজ্ঞেস করা হলে সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, "রোববার রাতের কেন্দ্রীয় কমিটির সভা মুলতবি ঘোষণা করা হয়েছিলো। সেখানে পদত্যাগ করার মতো কোনো ঘটনা ঘটেনি।" কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রিপন পোদ্দার জানান, রোববারের সভায় ১০৭ জন নেতার উপস্থিতির স্বাক্ষর করা হয়েছে। ছাত্রলীগ নেতাদের অনুরোধের পরও শেখ হাসিনা যদি সিদ্ধান্ত পরিবর্তন না করেন তাহলে ওই স্বাক্ষরপত্রই পদত্যাগপত্র হিসেবে গণ্য করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২১২৯ঘ.