ভোলা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলা সদর উপজেলায় শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান সাংসদ আন্দালিব রহমানের সংবর্ধনা মঞ্চ ভাঙচুর করেছে সন্ত্রাসীরা।
ঘটনার জন্য আওয়ামী লীগ কর্মীদের দায়ী করেছেন বিজেপি চেয়ারম্যান বলেন, "সংসদ নির্বাচনের দিন থেকেই ভোলায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের তাণ্ডব চলছে। তাদের হামলায় বিজেপির শত শত নেতা কর্মী বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। তাদের দিন বদলের নজির এ সভা মঞ্চে হামলা।"
তবে অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ হামলার সঙ্গে আওয়ামী লীগের কেউ জড়িত নয়। প্রতিপক্ষ বলে বিজেপি নেতা আওয়ামী লীগের ঘাড়ে দায় চাপাচ্ছেন।"
স্থানীয়রা জানান, ভোলা-১ (সদর আসনের) সংসদ সদস্য বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমানের সংবর্ধনা সভার আয়োজন করা হয় আলীনগর ইউনিয়নের হাজিরহাট এবং পেশকার বাড়ির দরজায়।
হাজিরহাট বাজারে বিকেল ৪টায় সভা শুরু হওয়ার আগেই কিছু সন্ত্রাসী সংবর্ধনা অনুষ্ঠানস্থলে হামলা চালায়। তারা মঞ্চ ও অনুষ্ঠানস্থলের চেয়ার ভাঙচুর করে। তারা সামিয়ানাও ছিড়ে নিয়ে যায়। এরপর সন্ত্রাসীরা হামলা করে পেশকার বাড়ির দরজার সংবর্ধনা অনুষ্ঠানস্থলে। সেখানেও একই কায়দায় মঞ্চ ভাঙচুর করা হয়।
খবর পেয়ে বিজেপি চেয়ারম্যান ঘটনাস্থলে ছুটে যান। তিনি পৌঁছার আগেই সন্ত্রাসীরা সভাস্থল ছেড়ে চলে যায়। পরে সেখানেই তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন।
এ ব্যাপারে ভোলা সদর থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান শেখ জানান, বিজেপি চেয়ারম্যানের সংবর্ধনা মঞ্চ ভাঙচুরের খবর তিনি শুনেছেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৬ ঘ.
bdnews24