২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর-৩ আসনের ফলাফল প্রত্যাখান বিএনপি প্রার্থীর

রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনের ফলাফল প্রত্যাখান করে পুনর্নির্বাচন দাবি করেছেন বিএনপি প্রার্থী রহিম উদ্দিন ভরসা। অন্যথায় আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে তিনি হুমকি দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2009, 12:35 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

রংপুর, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনের ফলাফল প্রত্যাখান করে পুনর্নির্বাচন দাবি করেছেন বিএনপি প্রার্থী রহিম উদ্দিন ভরসা। অন্যথায় আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে তিনি হুমকি দেন। শুক্রবার বিকেলে রংপুর শহরের ধাপ এলাকার বাসায় সংবাদ সম্মেলন করে রহিম উদ্দিন ভরসা এ দাবি জানান। তিনি দাবি করেন, বৃহস্পতিবার অনুষ্ঠিত উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী রওশন এরশাদকে ভোট কারচুপির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিএনপি প্রার্থীর অভিযোগ, তিনি দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি খুবই কম ছিল। তার প্রশ্ন, "দুপুর পর্যন্ত যেখানে ভোট পড়েছে ৭ শতাংশ সেখানে কিভাবে রওশন এরশাদ ৮৭ হাজার ভোট পেয়ে বিজয়ী হন।" সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপি নেতা মোজাফ্ফর হোসেন, ছালেকুজ্জামান সালেক প্রমুখ। রংপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ ৮৭ হাজার ৮৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপি প্রার্থী রহিম উদ্দিন ভরসা পেয়েছেন ২৫ হাজার ৪৫৬ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৭ ঘ.