২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তত একটি থানায় নারী ওসি নিয়োগ দিন: সাহারা

এক মাসের মধ্যে অন্তত একজন নারী পুলিশকে একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ব্যবস্থা নিতে বুধবার পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 08:02 AM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক মাসের মধ্যে অন্তত একজন নারী পুলিশকে একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ব্যবস্থা নিতে বুধবার পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এখানে মহিলা পুলিশ কর্মকর্তারা আমাকে বলেছেন, তারা ওসি হতে চান। আমি আইজিপি নূর মোহাম্মদকে আগামী এক মাসের মধ্যে অন্তত একজন নারী পুলিশকে দেশের যে কোন একটি থানায় ওসি হিসেবে নিয়োগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছি।" পুলিশের সহযোগিতা কামনা করে তিনি বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন বদলের সনদের যে ঘোষণা দিয়েছেন তা পুরোপুরি বাস্তবায়ন করতে হলে পুলিশকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে পুলিশের সহযোগিতার প্রয়োজন রয়েছে।" পুলিশ অধ্যাদেশ বিচার বিশ্লেষণ এবং তা অবশ্যই সংস্কার করা হবে বলেও জানান তিনি। সাহারা খাতুন বলেন, "এতোদিন পুলিশ বাহিনীর উন্নয়ন হয়নি। আমরা যারা ক্ষমতায় আসি এবং যাই এটি তাদেরই দোষ। আমরা এখন সেখান থেকে ফিরে এসে পুলিশকে উন্নয়নের দিকে নিয়ে যাব।" পুলিশের বিভিন্ন সমস্যার বিষয়ে তিনি বলেন, "আমরা পুলিশের অনেক সমস্যার কথা জানি। এগুলো সমাধানের জন্য ইতোমধ্যেই প্রধানমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। গুরুত্বের কথা বিবেচনা করে পর্যায়ক্রমে সেসব সমস্যার সমাধান করা হবে।" পুলিশ বাহিনীর প্রত্যেক সদস্যকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি মাদ্রাসার আড়ালে জঙ্গিবাদী কার্যক্রম চলেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "দেশের অন্যান্য এলাকায় এ ধরনের কার্যক্রম অবশ্যই রয়েছে। তবে বর্তমান সরকার এ জঙ্গিবাদী কার্যক্রম দূর করতে প্রতিশ্র"তিবদ্ধ।" অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদার, পুলিশ মহাপরিদর্শক নূর মোহাম্মদ এবং পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক নববিক্রম কিশোর ত্রিপুরা। অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এফএফ/এজে/জিএনএ/১৪১২ ঘ.