২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা রাজ্জাকের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক সিদ্দিক ও তার স্ত্রী সালেহা সিদ্দিকের বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2009, 01:50 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক সিদ্দিক ও তার স্ত্রী সালেহা সিদ্দিকের বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। মামলাটির কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে ব্যারিস্টার রাজ্জাকের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। রিট আবেদনটির ওপর শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট আজমালুল হোসেন কিউসি। সরকার পক্ষে এই রিটটির বিরোধিতা করে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। 'বল প্রয়োগ করে' বিমান বন্দরে ঢোকার অভিযোগে গত ১৯ মার্চ ব্যারিস্টার রাজ্জাক ও তার স্ত্রী সালেহার বিরুদ্ধেজিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে কর্মরত পুলিশ পরিদর্শক দেওয়ান আবুল হোসেন বিমান বন্দর থানায় মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ব্যারিস্টার রাজ্জাক ও তার স্ত্রী ১৮ মার্চ রাতে সরকারি কাজে বাধা দিয়ে বল প্রয়োগ ও ভয় দেখিয়ে কর্তৃপক্ষের অনুমতি ও বহির্গমন সিল ছাড়া বিমান বন্দরের সংরক্ষিত এলাকায় প্রবেশ করে অপরাধ করেছেন। পরে ২২ মার্চ হাইকোর্ট থেকে দুই মাসের অন্তবর্তীকালীন জামিন নেন তারা। এদিকে, বিদেশ যেতে বাধা দেওয়ায় ব্যারিস্টার আবদুর রাজ্জাক ১৯ মার্চ সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার একটি মামলা দায়ের করেন। পরে ২২ মার্চ তিনি আরেকটি মামলা করেন তার বিরুদ্ধে দায়ের করা মামলার বাদি পুলিশ পরিদর্শক দেওয়ান আবুল হোসেনের বিরুদ্ধে। এই আবেদন দুটির ওপর শুনানি এক সপ্তাহ মুলতবি করেছে হাইকোর্ট। এর আগে গত ৮ মার্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যারিস্টার রাজ্জাককে বিদেশ যেতে ও ফিরে আসতে বাধা না দেওয়ার জন্য হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছিল। ৭ মার্চ বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ ব্যারিস্টার রাজ্জাককে বাধা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/১৯৪১ঘ.