২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটারদের তথ্য দিতে ৫০২ টি ডাটাবেজ সার্ভার স্টেশন হচ্ছে

নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশজুড়ে স্থাপন করা হচ্ছে ৫০২ টি 'ইলেকটোরাল ডাটাবেজ সার্ভার স্টেশন'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 01:43 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশজুড়ে স্থাপন করা হচ্ছে ৫০২ টি 'ইলেকটোরাল ডাটাবেজ সার্ভার স্টেশন'। মঙ্গলবার নেদারল্যাণ্ডস সরকার ও ইউএনডিপি'র মধ্যে এসংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা এসময় উপস্থিত ছিলেন। সকালে নির্বাচন কমিশনে (ইসি) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিইসি শামসুল হুদা এ তথ্য জানান। নেদারল্যান্ডস সরকার ও ইউএনডিপির পক্ষে চুক্তিতে সই করেন যথাক্রমে ঢাকায় নিযুক্ত নেদারল্যাণ্ডসের রাষ্ট্রদূত বি টেন টুশার এবং ইউএনডিপির আবাসিক পরিচালক স্টিফেন প্রিজনার। 'কনস্ট্রাকশন অব সার্ভার স্টেশনস ফর দি ইকেলটোরাল ডাটাবেজ (সিএসএসইডি)' শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় ২০৭ কোটি টাকা ব্যয়ে বিভাগীয় পর্যায়ে পাঁচটি আঞ্চলিক কেন্দ্র , সিটি করপোরেশনের অধীন ১৬টি থানা ও ৪৮১ টি উপজেলায় এ ডাটাবেজ সার্ভার স্টেশন নির্মাণ করা হবে। নির্বাচন কমিশনকে একটি মডেল প্রতিষ্ঠান হিসাবে তৈরি করার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে সিইসি বলেন, "ইসি ছবিযুক্ত ভোটার তালিকা কার্যক্রম টেকসই করতে এবং স্থানীয় পর্যায়ে ভোটার তালিকা নিয়মিত হালনাগাদ ও সংরক্ষণ করতে এ প্রকল্প নেওয়া হয়েছে। গত নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রকল্পের কাজ ২০১০ সালের মধ্যে সম্পন্ন হবে।" তিনি জানান, এই প্রকল্পের আওতায় ৪৮০টি উপজেলা, ১৬টি থানা এবং বিভাগীয় পর্যায়ে ৬টি কার্যালয় নিয়ে সার্ভার স্টেশন স্থাপন করা হবে। বাংলাদেশ সরকার, নেদারল্যাণ্ডস এবং ডিএফআইডির যৌথ অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়িত হবে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে দুইশ ছয় কোটি ৭০ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার ১১০ কোটি ৬০ লাখ এবং অবশিষ্ট অর্থের যোগান দেবে উন্নয়ন সহযোগী সংস্থাগুলো। চুক্তি স্বাক্ষরের পর ডাচ রাষ্ট্রদূত বলেন, "এ প্রকল্প নির্বাচন কমিশনের বিশ্বব্যাপী সমাদৃত ছবিযুক্ত ভোটার তালিকা সংরক্ষণ ও হালনাগাদে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এতে আমাদের অংশিদারিত্ব এদেশের রাজনৈতিক প্রক্রিয়া শক্তিশালীকরণে ও গণতান্ত্রিকায়নের প্রচেষ্টা আরো জোরদার হবে।" ইউএনডিপির আবাসিক পরিচালক বলেন, "এ প্রকল্প আমাদের সঙ্গে এদেশের সহযোগীতাপূর্ণ সর্ম্পক আরো জোরদার করবে এবং তা ইসির স্বাধীনতাকে আরো শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি।" সিইসির সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিশনের পক্ষে দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন ও ইসি সচিব মুহম্মদ হুমায়ুর কবির এবং অতিরিক্ত সচিব রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/১৯৩৬ঘ.