ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়াদোত্তীর্ণ ও নিয়মিত মেয়াদি সব জেলা কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটি গঠন এবং গোপন ব্যালটে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের কথা ভাবছে বিএনপির স্থায়ী কমিটি। এপ্রিল মাসের প্রথম সপ্তাহের পর তৃণমূল পর্যায় থেকে দল পুনর্গঠনের প্রক্রিয়াও শুরু করবে দলটি।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য এ কথা জানিয়েছেন।
স্থায়ী কমিটির সদস্য বিএনপি'র প্রভাবশালী এক নেতা জানান, চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকগুলোতে বিভাগীয় সাংগঠনিক কমিটির প্রতিবেদন পর্যালোচনাকালে সারাদেশে জেলা কমিটি ভেঙে আহবায়ক কমিটি গঠন ও গোপন ব্যালটের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের চিন্তাভাবনা করা হচ্ছে।
গত ২২ মার্চ থেকে শুরু হয়ে মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের প্রতিবেদন পর্যালোচনা করা হয়।
বিএনপির ৭৮টি জেলা কমিটির (মহানগরসহ) মধ্যে বেশিরভাগের মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগেই। থানা ও পৌর কমিটিগুলোরও একই অবস্থা।
চেয়ারপারসনের কাছে জমা পড়া প্রতিবেদনগুলোতে সারাদেশে কমিটিগুলোর অবস্থা তুলে ধরা হয়েছে।
দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিভাগভিত্তিক ৬টি সাংগঠনিক কমিটির প্রতিবেদন জাতীয় স্থায়ী কমিটি পর্যালোচনা করছে।"
গত ২৮ ফেব্র"য়ারি থেকে বিএনপির সাংগঠনিক কমিটিগুলো তাদের প্রতিবেদন চেয়ারপারসনের কাছে জমা দেন।
যুগ্ম মহাসচিবদের নেতৃত্বে ৬টি সাংগঠনিক কমিটির দায়িত্বে ছিলেন, চট্টগ্রাম বিভাগে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা বিভাগে আবদুল্লাহ আল নোমান, রাজশাহী বিভাগে মির্জা আব্বাস, খুলনা বিভাগে সেলিমা রহমান, সিলেট বিভাগে নজরুল ইসলাম খান ও বরিশাল বিভাগে অধ্যাপক আবদুল মান্নান।
১ মার্চ খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে তৃণমূল পর্যায় থেকে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের লক্ষ্যে ৬টি সাংগঠনিক কমিটি গঠন করা হয়। কমিটিগুলো ৩ মার্চ থেকে ২৪ মার্চ থানা ও পৌর সভার নেতাদের ঢাকায় ডেকে এনে সাক্ষাৎকার নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এইচএ/১৮১৬ ঘ.
bdnews24