ঢাকা, মার্চ ৩০ (বিডিনিজজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে জিয়াউর রহমানসহ মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার জন্যই অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
সোমবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা সর্ম্পকে আওয়ামী লীগের 'কটাক্ষমূলক' বক্তব্যের প্রতিবাদে সোমবার বিকালে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
দেলোয়ার বলেন, ''মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে আওয়ামী লীগ সংসদের ভেতরে ও বাইরে অপ্রপ্রচার চালাচ্ছে। উদ্দেশ্য একটাই -পিলখানার ঘটনাকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করতে এ মিথ্যাচার করছে।''
দৃশ্যত জামায়াত নেতা ব্যারিস্টার আবদুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদের ঘটনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন,''তদন্ত কমিটি যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারে। কিন্তু এটা যদি রাজনীতিবিদদের হয়রানি করতে উদ্দেশ্যমূলকভাবে করা হয়, তা কোনোভাবে দেশের মানুষ মেনে নেবে না। পিলখানা ঘটনার সুষ্ঠু তদন্ত হতে হবে।''
জাতীয় সংসদে রোববার সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের বক্তব্যের কঠোর সমালোচনা করে দেলোয়ার বলেন,'' জিয়াকে নিয়ে এতো ভয় কেনো। একাত্তরে জিয়ার স্বাধীনতা ঘোষণার ইতিহাসকে মিথ্যাচার ও গায়ের জোরে চিৎকার দিয়ে পাল্টানো যাবে না। ইতিহাস কারো নির্দেশে চলে না।''
তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগ বলেছিলো, সংসদ হবে সব কর্মকান্ডের কেন্দ্র বিন্দু। কিন্তু তারা বিরোধী দলের সাংসদদের কথা এক্সপাঞ্জ করে মুখ বন্ধ রাখতে চায়। তারা সংসদকে বিতর্কিত করছে। একতরফাভাবে তারা সংসদ চালাচ্ছে। এটা দেশের মানুষ কোনো ভাবেই মেনে নেবে না।
বিএনপি মহাসচিব সংসদে স্পিকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেন।
তিনি বলেন,'' সোমবার সংসদে স্পিকার বিরোধী দলের কথা এক্সপাঞ্জ করে অসাংবিধানিক কাজ করেছেন। এটা তিনি পারেন না।''
সংগঠনের সভাপতি অধ্যক্ষ সোহরাবউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধা দলের নেতারা বক্তব্য রাখেন। পরে একটি প্রতিবাদ মিছিলও বের হয়।
বিডিনিউজে টায়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৪৯ঘ.
bdnews24