ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপনির্বাচনের আগে প্রার্থী ও সাবেক স্পিকারের বিরুদ্ধে সংসদীয় কমিটি গঠন সঠিক ও যুক্তিযুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
বৃহস্পতিবার রাতে স্পিকার আবদুল হামিদ আওয়ামী লীগের সাংসদ ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে ১১ সদস্যের তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন।
পুরান ঢাকায় আর্মানিটোলায় নিজের বাসা থেকে মানিকগঞ্জ যাওয়ার সময়ে দেলোয়ার সাংবাদিকদের বলেন, ''সাবেক স্পিকারের বিরুদ্ধে এ সময়ে সংসদীয় কমিটি গঠন সঠিক কাজ হয়নি। এটা যুক্তিযুক্তও নয়। আর কয়েকদিন পরই উপনির্বাচন। সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বগুড়া-৬ আসন থেকে সেই নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনকে প্রভাবিত করতেই এটা করা হয়েছে। তদন্ত কমিটি হলে পরে হতে পারত। অসুবিধাটা কি ? এতো তাড়াহুড়ার কারণ কি ? এটা থেকে বুঝা যায় সরকারেরর মতলব আছে।''
তিনি বলেন, ''আমরা ও সাবেক স্পিকার সাহেবের দাবি ছিল, '৭২ থেকে এ পর্যন্ত সব স্পিকারের কার্যক্রম তদন্ত করা হোক। কিন্তু স্পিকার আবদুল হামিদ সাহেব বলেছেন, সব স্পিকারের বিষয়টি অডিট করাবেন। একজনের জন্য তদন্ত কমিটি আর অন্যদের বেলা অডিট করানোর সিদ্ধান্ত সঠিক নয়, সম্পূর্ণ বৈষ্যমমূলক। তদন্ত হলে সব স্পিকারের কার্যক্রমই তদন্ত করা হোক। এতে দোষের কি আছে।''
এক প্রশ্নের জবাবে দেলোয়ার জানান, দলের তৃণমূল পর্যায়ে যুগ্ম মহাসচিবদের প্রতিবেদনগুলো পাওয়ার পর পূর্নগঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, '' আমরা ৬টি কমিটি করেছিলাম। তাদের প্রতিবেদন এখনো পাইনি। একটি পেয়েছি। সব প্রতিবেদন পেলে পরবর্তি কাজে হাত দেওয়া হবে দ্রুতই।''
তৃণমূল থেকে দলকে পূর্নগঠিত করতে গত ৩ ফেব্র"য়ারি থেকে থানা নেতাদের সাক্ষাৎকার নেওয়া হয়। ২৮ ফেব্র"য়ারি পর্যন্ত সাক্ষাৎকার চলে। ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগের প্রতিবেদনটি যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় বুধবার রাতে চেয়াপারসন খালেদা জিয়ার কাছে জমা দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৪৪০ ঘ.
bdnews24