ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের মন্দা মোকাবেলা টাস্কফোর্সে বিএনপি তার প্রতিনিধি হিসেবে সাংসদ এম কে আনোয়ারকে মনোনয়ন দিয়েছে।
বৃহস্পতিবার দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান সাংবাদিকদের একথা জানান।
আগামী ২৪ মার্চ এই টাস্ক ফোর্সের প্রথম বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিকালে গুলশানে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে নজরুল ইসলাম খান কয়েকটি বিষয় তুলে সরকারের সমালোচনা করেন।
তিনি অভিযোগ করেন সরকার জাতীয় সংসদ ও দুর্নীতি দমন কমিশনকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করছে।
নজরুল ইসলাম বলেন,'' উপনির্বাচনের আগে সংসদে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা দায়েরের মতো ঘটনায় নিরপেক্ষ প্রতিষ্ঠান দুইটিকে সরকার রাজনৈতিকভাবে ব্যবহার করছে। এতে প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি বিনষ্ট হচেছ।''
তিনি সংশ্লিষ্টদের এ কাজ থেকে বিরত থাকার আহবান জানান।
কোকোর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা দায়েরকে নজরুল ইসলাম খান 'উদ্দেশ্যমূলক' বলে আখ্যা দেন। আইনজীবীর বরাত দিয়ে তিনি বলেন, কোকোর সঙ্গে ওই প্রতিষ্ঠানটির কোনো সম্পর্ক নেই।
সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিনের বিরুদ্ধে উপনির্বাচনের আগে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন,'' আর কয়েকদিন পর উপনির্বাচন। এখনই তদন্ত কমিটি গঠন না করে নির্বাচনের পরে করলে এ নিয়ে প্রশ্ন উঠতো না। ''
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ও সাবেক ছাত্র নেতা হাবিবউন নবী খান সোহেল উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯১৪ঘ.
bdnews24