২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসান মশহুদের বিরুদ্ধে অভিযোগ উদ্দেশ্যমূলক: দুদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর বিরুদ্ধে ট্রাস্ট ব্যাংকের অর্থ পাচার ও আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছিল তা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বলে জানিয়েছে দুদক। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2009, 09:24 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর বিরুদ্ধে ট্রাস্ট ব্যাংকের অর্থ পাচার ও আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছিল তা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বলে জানিয়েছে দুদক। বৃহস্পতিবার দেওয়া দুদকের বিশেষ যাচাই কমিটির তদন্ত প্রতিবেদনে এ কথা জানানো হয়। গত বছরের ২৫ অক্টোবর বিগত জোট সরকারের জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান দুদক চেয়ারম্যান হাসান মশহুদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের মামলা করার চেষ্টা করেন। তিনি অভিযোগ করেন, ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় হাসান মশহুদ বৈদেশিক মুদ্রা লেনদেন খাতে লোকসান দেখিয়ে ব্যাংকের প্রায় ২২ কোটি ৪১ লাখ ৭১ হাজার ১৪০ টাকা বিদেশে পাচার করার মাধ্যমে আত্মসাৎ করেছেন। কোনো থানা অভিযোগটি গ্রহণ না করায় রেজিষ্ট্রি ডাকের মাধ্যমে তা তদন্তের জন্য দুদকের কাছেই পাঠিয়ে দেন মাহমুদুর রহমান। তবে তার আনা অভিযোগ অস্বীকার করে পরের দিনই এক সংবাদ সম্মেলনে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন হাসান মশহুদ। অভিযোগটি তদন্ত করেন দুদকের কমিশনার হাবিবুর রহমান এবং আবুল হাসান মনযুর মান্নান। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে- আমাদের দেশ পাবলিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান মাহমুদুর রহমানকে তার অভিযোগের প্রমাণপত্র নিয়ে দুদক কার্যালয়ে এসে বক্তব্য দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি দুদক কার্যালয়ে আসেননি এবং তার অভিযোগ সংক্রান্ত কোন প্রমাণও দাখিল করতে পারেননি। এছাড়া মাহমুদুর রহমানের অভিযোগে বৈপরীত্য রয়েছে। কারণ, ব্যাংকের অর্থ লোকসান বা ক্ষতিসাধন হলে সেটা কীভাবে হাসান মশহুদ চৌধুরী আত্মসাৎ করলেন এ বিষয়েও তিনি (মাহমুদুর রহমান) কোন প্রমাণ দেখাতে পারেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। গত ২৫ জানুয়ারি হাসান মশহুদের বিরুদ্ধে আনা অর্থ পাচারের অভিযোগ যাচাই করার জন্য দুই কমিশনার মো. হাবিবুর রহমান এবং আবুল হাসান মনযুর মান্নানকে নিয়ে একটি বিশেষ যাচাই কমিটি করে দুদক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কিউএইচ/জিএনএ/এমএসবি/১৭১৪ ঘ.