২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবিরের ২৭ নেতাকর্মীর দু'মাসের আগাম জামিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ইসলামী ছাত্র শিবিরের ২৭ নেতা-কর্মীকে দু'মাসের অন্তর্বর্তীকালীন আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2009, 12:06 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ইসলামী ছাত্র শিবিরের ২৭ নেতা-কর্মীকে দু'মাসের অন্তর্বর্তীকালীন আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী, সাবেক সভাপতি ও রাজশাহী মহানগর জামায়াতের নেতা ইমাজউদ্দিন মণ্ডলসহ এ ২৭ জনকে কেন স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না আগামী ছয় সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন। দুপুর আড়াইটায় শিবির নেতাকর্মীরা হাইকোর্টে হাজির হয়ে অন্তর্বর্তী আগাম জামিনের আবেদন জানান। জামিন আবেদনের শুনানিতে তাদের আইনজীবী ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এ মামলায় পুলিশ ৪৪ জনকে জেলহাজতে পাঠিয়েছে। গত ১২ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় নগরীর মতিহার থানায় ছাত্র শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাটি করেন ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইব্রাহীম হোসেন মুন। মামলায় ১৬৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪/৫শ' শিবির নেতাকর্মীকে আসামি করা হয়। এর মধ্যে ৬৮জনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ২৪ জনকে ছেড়ে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএসবি/১৭৫৩ ঘ.