ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আগুন থেকে সৃষ্ট বিষাক্ত ধোঁয়াই শ্রমিক নেতা নুরুল ইসলামের মৃত্যুর কারণ বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন।
জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে প্রশ্নোত্তর পবে ঢাকা-১২ আসনের সাংসদ শেখ ফজলে নূর তাপসের প্রশ্নের জবাবে লিখিত উত্তরে সাহারা খাতুন এ তথ্য জানান।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, "বাসার ড্রইংরুমে ফ্রিজের নিচে থাকা মাল্টিপ্লাগে বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকান্ডের সৃিষ্ট হয় বলে কমিটি মত পোষণ করে।
"ড্রইংরুমের সোফায় মূল উপাদান পলি ইউরেথিন নামক পদার্থের প্রজ্জ্বলনের ফলে সৃষ্ট উৎপন্ন বিষাক্ত ধোঁয়া (যাতে হাইড্রোজেন সায়ানাইড ও কার্বন মনোক্্রাইড রয়েছে) গ্রহণের ফলে তমুহর ইসলাম ও নুরুল ইসলামের মৃত্যু হয়েছে বলে তদন্ত কমিটির কাছে প্রতীয়মান হয়েছে।"
স্বরাষ্ট্র মন্ত্রী জানান, ওই ঘটনার পর গত ৩ ডিসেম্বর মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হলেও ৭ ডিসেম্বর দন্ডবিধির ৪৩৫ ও ৩০২ ধারায় একই থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনা তদন্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুস সালামকে আহবায়ক করে গত ৭ ডিসেম্বর চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
সাহারা খাতুন আরো জানান, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত পরীক্ষা-নিরীক্ষার জন্য বিভিন্ন সংস্থায় পাঠানো হলেও এখনো সব সংস্থা থেকে প্রতিবেদন পাওয়া যায়নি।
গত দুই ডিসেম্বর দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়ার স্বপ্নপুরী হাউজিং কমপ্লেক্্ের ইম্পোরিয়াম গার্ডেনে নিজ বাসভবনে অগ্নিকান্ডে মারা যান নুরুল ইসলামরে ছেলে তমুহর ইসলাম।
ওই ঘটনায় মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন নুরুল ইসলাম।
প্রথমে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তাকে ভর্তি করা হয়। পরবর্তীতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গণতন্ত্রী পার্টি এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি নুরুল ইসলাম।
তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী - ১ আসন থেকে মহাজোটের প্রার্থী ছিলেন। নুরুল ইসলাম হাজারীবাগ ট্যানারী শ্রমিক ইউনিয়নেরও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এইচএ/১৯০৫ঘ.
bdnews24