২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী আসন: আ. লীগের সালেহা, জাপা'র মেরিনার মনোনয়ন বাতিল

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ প্রার্থী সালেহা মোশাররফ ও জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী মেরিনা রহমানের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। বিল খেলাপি হওয়ায় ও স্বাক্ষরে মিল না থাকায় এই দুই জনের প্রার্থিতা বাতিল করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ প্রার্থী সালেহা মোশাররফ ও জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী মেরিনা রহমানের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। বিল খেলাপি হওয়ায় ও স্বাক্ষরে মিল না থাকায় এই দুই জনের প্রার্থিতা বাতিল করা হয়। রোববার বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব জেসমিন টুলী এ কথা জানান। তিনি বলেন, "মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে। তারা সোমবার আপিল করতে পারবেন।" ১৯ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বৈধ প্রার্থীদের নির্বাচিত বলে ঘোষণা করবে ইসি। ৩০ মার্চ অনুষ্ঠেয় সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৫টি আসনে আওয়ামী লীগের ৩৬ জন, বিএনপি'র পাঁচজন ও জাতীয় পার্টির পাঁচজন প্রার্থী (কোটা ৪টি) মনোনয়ন দাখিল করেন। জেসমিন টুলী আরও জানান, ৪৬ জন প্রার্থীর মধ্যে ৪৪ জনের মনোনয়ন বৈধ হয়েছে। বিল খেলাপের অভিযোগে সালেহা মোশাররফের বিরুদ্ধে ২০০৭ সালে টিঅ্যান্ডটি'র করা একটি মামলা থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া জাতীয় পার্টির মেরিনা রহমানের প্রস্তাবক টি আই ফজলে রাব্বীর স্বাক্ষরে মিল না থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদিকে নিবার্চন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সালেহা মোশাররফ আপিল করবেন বলে জানিয়েছেন। মঙ্গলবার ছিল সংরক্ষিত আসনে নারী সাংসদদের প্রার্থিতা বাছাইয়ের দিন। এর আগে ১২ মার্চ ছিল সংরক্ষিত আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/এএল/এসকে/২১০৯ঘ.